ভুলের আগাছাগুলো ছেঁটে ফেলা হচ্ছে

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ২২:০১

স্পোর্টস রিপোর্টার

মালদ্বীপে সাফে নিজেদের প্রথম খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও সেখানে ভুলের সংখ্যাটাও কম ছিল না। দুই দিন পর ভারতের বিপক্ষে গোল হজম করে পিছিয়ে থেকে ড্র করে পয়েন্ট ছিনিয়ে আনলেও সেখানে ভুলের সংখ্যাটা গুণে রাখার মতো। আর তৃতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ২-০ গোলে হারলেও সেই ম্যাচের ভুলগুলো সহজেই চোখে পড়েছে। মালদ্বীপের বিপক্ষে ম্যাচটায় শুরুতেই বাংলাদেশ গোলের সুযোগ পেয়ে যাচ্ছিল। টিভির পর্দায় খেলা দেখেছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। তিনি খুব আফসোস করছিলেন। বলছিলেন, ‘এসব পরিস্থিতিতে হাফ চান্সটাকে ফুল চান্সে পরিণত করতে হয়। সেটা পারেনি আমাদের ফুটবলাররা।’ ইমরুল হাসানের কণ্ঠে বেদনার সুর। সুযোগ কাজে লাগাতে পারলে মালদ্বীপ এতোটা চাঙ্গা হওয়ার সুযোগ পেত না। ইমরুল হাসান বললেন, ‘১-০ হওয়ার পরও বাংলাদেশ লড়াইয়ে ছিল। বিশেষ করে তিনটা প্লেয়ার যখন পরিবর্তন করা হলো তখন খেলার মোড়ই ঘুরতে যাচ্ছিল না। পেনাল্টি হওয়ার পর ম্যাচ শেষ হয়ে যায়।’

ইমরুল হাসানের ভাবনার কথা সবই জানেন মালদ্বীপে টিম ম্যানেজম্যান্ট। কোচিং স্টাফ সাফের তিন ম্যাচ নিয়ে বিচার বিশ্লেষণ করছে। প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে কথা হচ্ছে কোচিং স্টাফদের মধ্যে। ম্যাচের ভিডিও দেখে ভুলের আগাছাগুলো ছেঁটে ফেলা হচ্ছে। যেসব জায়গায় ভুল হয়েছে তা নিয়ে কাজ করা হচ্ছে। পজিশন ধরে ধরে মেরামত করা হচ্ছে। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন বোর্ডে এঁকে দেখিয়ে দিচ্ছেন অমার্জনীয় ভুল কখন কোথায় কীভাবে হয়েছে। চিন্তায় ঘুম নেই কোচের চোখে। সামনে একটা মাত্র ম্যাচ। নেপালের বিপক্ষে আগামী ১৩ অক্টোবর। সেই ম্যাচ জিততেই হবে।

নেপাল কি বাংলাদেশকে ছেড়ে দেবে। নেপাল এখন সাফের পয়েন্ট টেবিলে সবার উপরে। দুই খেলায় ৬ পয়েন্ট নিয়ে দারুণ একটা সুসংহত অবস্থানে রয়েছে। নেপালিরা স্বপ্ন দেখছে ফাইনালের মঞ্চে তারা। আর সেখানে নেপালকে বাঁধা দিতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। নেপালকে হারিয়ে ৭ পয়েন্টে পৌঁছাতে চায় বাংলাদেশ।  

সাফে বাংলাদেশ-নেপাল ম্যাচে গত চারটি মুখোমুখিতে বাংলাদেশের ফল ভালো না। চার ম্যাচের মধ্যে জয় আছে চারটি। সেটা ২০০৫ সালে পাকিস্তানের মাঠে। বাংলাদেশ ২-০ তে হারিয়েছিল রোকনুজ্জামান  কাঞ্চনের জোড়া গোলে। এরপর ভারত, নেপাল এবং ঢাকায় তিন বারের মুখোমুখিতে তিন বারই বাংলাদেশ হেরেছে নেপালের বিপক্ষে। তিন ম্যাচ ৫ গোল হজম করেছিল। যদি সাফের হিসাব করা হয় তাহলে বাংলাদেশের ছবিটা সুখকর না। সেই নেপাল এখন আগের চেয়ে শক্তিশালী। এটা তারা মালদ্বীপের সাফে দেখাচ্ছে। অস্কার ব্রুজন অবশ্য এসব হিসাব মাথায় নিতে রাজি না। অতীত সব সময় লড়াই করতে আসে না। ওটা স্মৃতির পাতায় থাকে। সামনে বাস্তবতা কি হবে তা নিয়ে ব্রুজনের ভাবনা। আর তাই নেপালের বিপক্ষে ভুল না করার নোটিশ জামাল ভুইয়া, ইব্রাহিম, সুফিল, বিপলুদের কানে তুলে দেওয়া হচ্ছে।

 

পয়েন্ট টেবিল

দল           খেলা   জয়    ড্র     পরা    গোল          পয়েন্ট

নেপাল       ২        ২       ০     ০      ৪/২           ৬

বাংলাদেশ   ৩       ১       ১      ১       ২/৩           ৪

মালদ্বীপ      ২        ১       ০     ১       ২/১           ৩

ভারত        ২        ০      ২      ০      ১/১           ২

শ্রীলঙ্কা       ৩       ০      ১      ২       ২/৪           ১

 

আজকের খেলা

মালদ্বীপ ও শ্রীলঙ্কা নেপাল ও ভারত

বিকাল ৫টা ও

রাত ১০টা।