এনএসডিআই বাস্তবায়নে দরকার অংশীজন প্রতিষ্ঠানের সহযোগিতা

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ২২:১২

সেমিনারে বক্তাদের অভিমত

বিশেষ প্রতিনিধি

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ জরিপ অধিদপ্তর এবং জাইকা বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘জাতীয় বিশেষ তথ্যভান্ডার অবকাঠামো’ শীর্ষক সেমিনার গতকাল প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ের বলরুমে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস এবং বিশেষ অতিথি বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল। গতকাল আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সার্ভেয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল হক স্বাগত বক্তব্যে বলেন, এনএসডিআইয়ের জিও  পোর্টালে বিভিন্ন ভূ-স্থানিক ডাটা প্রস্তুতকারী সংস্থাসমূহ তাদের নিজ নিজ ডাটা সংরক্ষণ করতে পারবে এবং সেবাপ্রত্যাশী সংস্থা/ব্যক্তিগণ তাদের চাহিদামতো নিয়মনীতি অনুসরণ করে সেসব ডাটা ব্যবহার করতে পারবে। সেমিনারে বক্তব্য রাখেন জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ হায়াকাওয়া ইয়োহো এবং জাইকা চিফ অ্যাডভাইজর বোকুরো উরাবে। জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি তার বক্তব্যে বাংলাদেশে এনএসডিআই বাস্তবায়নে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ জরিপ অধিদপ্তরের উদ্যোগের প্রশংসা করেন। সেই সঙ্গে এনএসডিআইয়ের সফল বাস্তবায়নে তিনি জাপান সরকার কর্তৃক সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ড. আহমদ কায়কাউস তার বক্তব্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে এনএসডিআই প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ জরিপ অধিদপ্তর ও জাইকা এনএসডিআই বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে সরকারি ও স্বায়ত্তশাসিত অংশীজন প্রতিষ্ঠানসমূহের পূর্ণাঙ্গ সহযোগিতা ছাড়া এনএসডিআইয়ের সফল বাস্তবায়ন সম্ভব নয়। তিনি এ বিষয়ে সকল অংশীজন প্রতিষ্ঠানের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

ড. মো. আবু হেনা মোস্তফা কামাল বলেন, এনএসডিআই বাস্তবায়িত হলে ভূ-স্থানিক ডাটা প্রস্তুতকারী সকল প্রতিষ্ঠানের ডাটা একই প্ল্যাটফরমে সংরক্ষণ সম্ভব হবে এবং ডাটাসমূহ সহজে বিনিময়যোগ্য হবে। এর ফলে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে একই কাজের পুনরাবৃত্তি রহিত হবে, সরকারের আর্থিক সাশ্রয় হবে এবং বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০৪১ অনুযায়ী উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশে উত্তরণ অত্যন্ত সহায়ক হবে। তিনি এনএসডিআই বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।

কী-নোট স্পিকার হিসেবে এনএসডিআইয়ের খসড়া নীতিমালা উপস্থাপন করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. নূরুন্নাহার চৌধুরী। এছাড়া এনএসডিআইয়ের ভূমিকা ও অগ্রগতির ওপর বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. মফিজুর রহমান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মঞ্জুরুল হাসান। এনএসডিআইয়ের অগ্রগতি ও সিস্টেম ডেভেলপমেন্টের বিষয় তুলে ধরেন প্রকল্প পরিচালক মো. আবুল কালাম। ভূ-স্থানিক ডাটা প্রস্তুতকারী ৩১টির বেশি সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের প্রতিনিধিগণ সেমিনারে উপস্থিত থেকে  এনএসডিআই এবং এর খসড়া নীতিমালা সম্পর্কে তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।