চাঁদপুরের মতলবে গত ২ অক্টোবর বর্তমান সংসদ সদস্য মো. নুরুল আমিন রুহুল ও সাবেক ত্রানমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় শুক্রবার রাতে মায়া গ্রুপের তরফ থেকে ১২০ জনকে আসামি করে পালটা মামলা দায়ের করা হয়েছে। উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের আবুল বাশার নোবেল বাদী হয়ে এমপি রুহুল গ্রুপের ৭৭ জনের নাম উল্লেখ করে মোট ১২০ জনের বিরুদ্ধে মতলব উত্তর থানায় মামলাটি দায়ের করেন।
এর আগে গত ৩ অক্টোবর মোহনপুর ইউনিয়নের বিল্লাল তপাদার বাদী হয়ে সাবেক এমপি ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া গ্রুপের ৯৩ জনের নাম উল্লেখ করে মোট ২০০ জনের বিরুদ্ধে মতলব উত্তর থানায় মামলা দায়ের করেন। মূলত, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২ অক্টোবর সকালে মতলব উত্তর উপজেলার মতলব সেতুর টোল প্লাজা এলাকায় রুহুল ও মায়ার কর্মীদের মধ্যে সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
