লাঠিটিলায় বঙ্গবন্ধু সাফারি পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার : মো. শাহাব উদ্দিন

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ২২:৫৪

জুড়ী থানা ভবনের উদ্বোধন

সিলেট অফিস

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সহজে বিশ্বমানের জনসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার পুলিশ বাহিনীর আধুনিকায়নে বিভিন্নমুখী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। ফলে দেশের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ সহজে পেশাদারিত্বের সঙ্গে সেবা প্রদান করতে পারছে। বর্তমান স্বরাষ্ট্রন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ জঙ্গি ও সন্ত্রাস দমন, জলদস্যু-বনদস্যু গ্রেফতার, অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার এবং মানব পাচার রোধে সর্বোচ্চ সফলতার পরিচয় দিচ্ছে।

গতকাল শনিবার মৌলভীবাজারের জুড়ী থানায় সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৪ তলা অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন থানা ভবন উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সুধি সমাবেশে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। পরিবেশমন্ত্রী বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জুড়ীর লাঠিটিলায় বঙ্গবন্ধু সাফারি পার্ক নির্মাণ করার উদ্যোগ নিয়েছে। ফলে এখানে অধিকহারে দেশ-বিদেশের পর্যটকদের আগমন ঘটবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে থানা ভবনের উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন স্বরাষ্ট্রন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য নেছার আহমেদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জোহরা আলাউদ্দিন প্রমুখ।