বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে দুই রোগীর মৃত্যু

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ২২:৫৫

বরিশাল অফিস

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় চিকিত্সাধীন অবস্থায় দুই রোগীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টা পর্যন্ত সেখানে চিকিত্সাধীন রয়েছেন ৩১ জন রোগী। শেবাচিমের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করে ১ দশমিক ১১ শতাংশ করোনা শনাক্ত হয়েছে, যা পিসিআর ল্যাব স্থাপনের পর সর্বনিম্ন সংক্রমণের রেকর্ড।

হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার করোনা ওয়ার্ডে চিকিত্সাধীন ছিলেন ২৯ জন রোগী। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ছয় জন। ঐ সময় উপসর্গ নিয়ে ১০ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু হয়েছে দুই জনের। গতকাল শনিবার দুপুর ১২টা পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিত্সাধীন ছিলেন ৩১ জন রোগী।

এর আগে শুক্রবার করোনা ওয়ার্ডে চিকিত্সাধীন অবস্থায় এক জন, বৃহস্পতিবার তিন জন, বুধবার মৃত্যু শূন্য, গত মঙ্গলবার এক জন, সোমবার তিন জন, রবিবার আট জন এবং শনিবার তিন জনের মৃত্যু হয়। গত বছরের ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ড চালুর পর এ পর্যন্ত ৭ হাজার ২৮৯ জন রোগী সেখানে ভর্তি হন, যার মধ্যে চিকিত্সাধীন অবস্থায় ১ হাজার ৪০৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে শেবাচিমের আরটি পিসিআর ল্যাবে শুক্রবার রাতে ১৮০ জনের নমুনা পরীক্ষা করে দুই জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার ১ দশমিক ১১ শতাংশ, যা গত বছরের ৮ এপ্রিল বরিশালে আরটি পিসিআর ল্যাব চালুর পর সর্বনিম্ন শনাক্তের রেকর্ড। এর আগে গত ১৮ সেপ্টেম্বরও আরটি পিসিআর ল্যাবে ১ দশমিক ১১ শতাংশ করোনা শনাক্ত হয়।