শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুর থানার পুলিশ শনিবার বিকালে শেরপুর-ধুনট সড়কের শালফা-শুবলী নামক এলাকায় ট্রাকের কেবিন থেকে একটি লাশ উদ্ধার করেছে।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম এই তথ্য নিশ্চিত করে জানান, গত ৭ অক্টোবর নরসিংদী থেকে আরএফএল কোম্পানির স্টিলের পাইপবোঝাই একটি ট্রাক নওগাঁয় যাওয়ার উদ্দেশে রওয়ানা হয়; কিন্তু ট্রাকটি নির্দিষ্ট গন্তব্যে না গিয়ে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের পাশে শালফা-শুবলী নামক স্থানে দাঁড়িয়ে রাখা হয়। শনিবার দুপুরের পর থেকে ট্রাকের ভেতর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয়রা এগিয়ে গিয়ে ট্রাকের কেবিনের মধ্যে একটি লাশ দেখতে পান। এরপর থানায় খবর দেওয়া হলে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, এরই মধ্যে লাশটিতে পচন ধরেছে। নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। তার পরনে প্যান্ট রয়েছে। বয়স অনুমান ৪৫-৫০ বছর। এই মুহূর্তে তার মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়। তবে গাড়ির চালক-হেলপার কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি। সম্ভবত তারা দুই জন পলাতক রয়েছেন। তাদের ধরতে পারলে ঘটনাটি সম্পর্কে অনেক কিছুই জানা যাবে।
