কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা
বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা সেতুমন্ত্রীর বিরুদ্ধে নানা অভিযোগ এনে বিভিন্ন দাবিতে মহিলা আওয়ামী লীগের সমাবেশ ডেকে কাপড়ের আঁচলে পুলিশদের বেঁধে রাখার নির্দেশ দিয়েছেন। তার সঙ্গে পুলিশের বিরুদ্ধে নারী নির্যাতন ও শ্লীলতাহানির মামলা দেওয়ার কথাও বলেন।
তিনি শনিবার বিকেলে বসুরহাট জিরো পয়েন্টে বঙ্গবন্ধু চত্বরে উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ নির্দেশ দেন।
কাদের মির্জা অভিযোগ করে বলেন, এসপি, ইউএনও, ওসিসহ একজোট হয়ে প্রশাসন এখানে ত্রাস ও অত্যাচার চালাচ্ছে। ভূমিদস্যুদের হাতে কোটি কোটি টাকা মূল্যের সরকারি খাস জায়গার দখলদারিত্ব দিচ্ছে। কাদের মির্জা সমাবেশে উপস্থিত মহিলা আওয়ামী লীগের কর্মীদের নির্দেশ দিয়ে বলেন, পুলিশ গ্রেপ্তার করতে গেলে দরজা খুলবেন না। বেশি বাড়াবাড়ি করলে কাপড়ের আঁচল দিয়ে পেঁচিয়ে বেঁধে রাখবেন। পুলিশের বিরুদ্ধে নারী নির্যাতন ও শ্লীলতাহানির মামলা করা হবে।
