স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিদেশে বসে যারা সাইবার ক্রাইম করছে সেগুলো আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। তারা যদি আমাদের দেশের নাগরিক হয়, তাহলে আমাদের দেশের আইন অনুযায়ী তাদের বিচার অবশ্যই হবে। গতকাল শনিবার দুপুরে জেলার জুড়ী থানার নবনির্মিত ভবনের ফলক উন্মোচন ও উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। পরে থানা প্রাঙ্গণে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুলিশ বাহিনীর সঙ্গে মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস জড়িত। ৭৫ সালে রাজারবাগে ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আহ্বান করেছিলেন, ‘তোমরা জনগণের পুলিশ, তোমরা মানবতার পুলিশ। তোমাদের নিয়ে যেন গর্ব করতে পারি।’ আজ কিন্তু আমাদের পুলিশ সেই জায়গাটাতে আসছে।
পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নবনির্মিত আধুনিক থানা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, পুলিশ কমিশনার এসএমপি সিলেট মো. নিশারুল আরিফ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, জুড়ী উপজেলা চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক। জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সরকারি কর্মকর্তাসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
