কাবুলের পতনের পর যুক্তরাষ্ট্র-তালেবান প্রথম বৈঠক অনুষ্ঠিত

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ০০:৩১

আফগানিস্তান থেকে গত আগস্ট মাসে সেনা প্রত্যাহারের পর মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রথম বারের মতো তালেবানের সঙ্গে মুখোমুখি বৈঠক করল। গতকাল শনিবার কাতারের দোহায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, দুই পক্ষই ২০২০ সালের ফেব্রুয়ারির চুক্তি বহাল রাখতে সম্মত হয়েছে। ঐ চুক্তিতে তালেবান প্রতিশ্রুতি দিয়েছিল, তারা আল-কায়েদাকে তাদের নিয়ন্ত্রিত এলাকায় বসে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তা ক্ষুণ্ন করার মতো কোনো কার্যক্রম চালাতে দেবে না।

মুত্তাকি বলেন, মার্কিন প্রতিনিধিদল কোভিড টিকা এবং মানবিক সহায়তা পৌঁছতে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। তিনি বলেন, তালেবান আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী, তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন—এক দেশ অন্য দেশের অভ্যন্তরীণ নীতিতে নাক না গলাতে আসে। এ বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা এখনো কোনো মন্তব্য করেননি।

তবে বৈঠকের আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছিলেন, তালেবান যেন নারীদের অধিকারকে সম্মান করে, সব পক্ষকে নিয়ে সরকার গঠন করে এবং মানবিক ত্রাণ সংস্থাগুলোকে কাজ করতে দেয় সে জন্য চাপ প্রয়োগ করতে তারা এ বৈঠকটিকে কাজে লাগাবে। বৈঠকটি আজ রবিবারও চলবে বলে জানানো হয়েছে। তালেবান প্রতিনিধিরা এ বৈঠকের সময় আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নিতে আহ্বান জানান। বৈঠকের আগে যুক্তরাষ্ট্র বলেছিল, তালেবানের সঙ্গে আলোচনায় বসার অর্থ এই নয় যে, তারা আফগানিস্তানে তালেবানের শাসনকে স্বীকৃতি দিচ্ছে।