নাট্যপ্রাণ অধ্যাপক আফসার আহমেদ আর নেই

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ০০:৩১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ড. আফসার আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি একাধারে কবি, নাট্যকার, অনুবাদক, গবেষক ও সাহিত্য সমালোচক ছিলেন। বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সাবেক সভাপতি সোমা মুমতাজ জানান, খুলনা থেকে ঢাকায় ফেরার পথে তিনি বিমানের মধ্যেই হার্টঅ্যাটাক করেন। তাকে গতকাল দুপুরে ঢাকার জাতীয় হূদরোগ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। সাবেক এক শিক্ষার্থীর বিয়ের আশীর্বাদ অনুষ্ঠানে অংশ নিতে তিনি খুলনা গিয়েছিলেন।

আফসার আহমদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। পরবর্তীকালে রবীন্দ্রোত্তর কালের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার ড. সেলিম আল দীনের সঙ্গে ১৯৮৬-৮৭ শিক্ষাবর্ষে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকাল থেকে তিনি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে শিক্ষকতায় নিয়োজিত থেকে উক্ত বিভাগের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন, প্রক্টর, সিনেট-সিন্ডিকেটের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক আফসার আহমেদ।

অধ্যাপক ড. আফসার আহমেদ ১৯৫৯ সালের ৩০ সেপ্টেম্বর মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার উত্তর জামশা গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মধ্যযুগের বাঙলা আখ্যান কাব্যের আলোকে বাংলাদেশের নৃগোষ্ঠী নাট্য শীর্ষক অভিসন্দর্ভের জন্য তাকে পিএইচডি ডিগ্রি দেয়।