ইলিশ শিকারে নিষেধাজ্ঞাকালীন অভিযান পরিচালনা করতে গিয়ে জেলেদের হামলার ঘটনায় পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার করা হয়েছে। হামলার ঘটনায় জড়িত ১৩ জেলেকেও আটক করেছে পুলিশ।
এসময় জেলেদের ব্যবহৃত একটি স্পিডবোট জব্দ করা হয়। এ ঘটনায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে সখিপুর থানা পুলিশ।
পুলিশ ও মৎস্য বিভাগ জানায়, শনিবার সন্ধ্যায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার কাচিকাটা ইউনিয়নের মরিছাকান্দি এলাকায় পদ্মা নদীতে অভিযানে গেলে পুলিশ ও মৎস্য কর্মকর্তাদের উপর হামলা করে জেলেরা। হামলার ঘটনায় ২ পুলিশ সহ ৫ জন আহত হয়। এসময় অভিযান পরিচালনাকারী দলের স্পিডবোট উল্টে পুলিশের দুইটি চায়না রাইফেল নদীতে তলিয়ে যায়। তাৎক্ষনিকভাবে পুলিশের হারিয়ে যাওয়া একটি অস্ত্র উদ্ধার করা হলেও সন্ধান পাওয়া যায়নি অপরটির। রবিবার সকাল সারে ৭টার দিকে ডুবুরিদের সহায়তা খোয়া যাওয়া অপর অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ২০ জেলের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। রবিবার সকাল থেকে কাঁচিকাটায় পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযানে নামে সখিপুর থানা পুলিশ। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৩ জেলেকে আটক করেছে পুলিশ।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান হাওলাদার বলেন, গত শনিবার অভিযান পরিচালনা করতে গিয়ে জেলেদের হামলার ঘটনায় মামলা হয়েছে। পানিতে তলিয়ে যাওয়া পুলিশের একটি চায়না রাইফেল ডুবুরিদের সহায়তায় উদ্ধার করা হয়েছে। পুলিশ হামলাকারী জেলেদের আটকের চেষ্টা করছে।
ইত্তেফাক/এমএএম
