তেজগাঁওয়ে গাড়ির ভেতর থেকে মরদেহ উদ্ধার

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৭:৫০

রাজধানীর তেজগাঁওয়ে গাড়ির ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১০ অক্টোবর) দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শের আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতের নাম সজল কুমার ঘোষ। তিনি ধানমণ্ডির এক বাসিন্দার গাড়িচালক। চলতি মাসের ৭ তারিখ থেকে নিখোঁজ হন। এ ব্যাপারে মালিকের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, গত দুইদিন ধরে শহীদ তাজউদ্দীন আহমদ সরণির একটি পেট্রল পাম্পের পাশে ওই গাড়ি পড়েছিল। শনিবার (৯ অক্টোবর) রাতে গাড়ি থেকে প্রকট গন্ধ বের হলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

মো. শের আলম বলেন, ‘মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করার সময় শরীরে ক্ষতচিহ্ন দেখা যায়। তবে এটি হত্যাকাণ্ড কী না এখনই বলা যাচ্ছে না। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।’

ইত্তেফাক/কেএইচ/এএএম