তারুণ্য মেতে থাকুক আনন্দে

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২০:২৪

তারুণ্যের ভালোলাগার অশেষ প্রহরে যে ঢেউ ভাঙে, সেখানে শৃঙ্খলাই আগামীর স্বপ্ন পূরণে সংযোজন করতে পারে নতুন অধ্যায়। ইচ্ছে আর নিয়মের মেলবন্ধনের মাঝে তারুণ্যের অধ্যয়ন, স্ফূর্তি আর মননের কথা নিয়ে এই আয়োজন।

আগামীর স্বপ্ন আর ভালোলাগার ছবি যে তারুণ্যকে কেন্দ্র করে রচিত হয়, তারা সময়কে কে কেমন করে উপলব্ধি করেন—জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মারুফ বলেন, ‘সময়টাকে সঠিকভাবে ব্যবহার করা শিখতে হবে। আমরা বেশিরভাগ তরুণই ইলেভেনথ আওয়ারে গিয়ে কাজ করি। মাঝে মাঝে পারি, মাঝে মাঝে পারি না। তখন হতাশা আসে। তাই সময়কে যথাযথ ব্যবহার করা উচিত।’ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তামান্না বলেন, ‘আসলে তারুণ্য এমন একটা সময়, যেখানে সময়কে পারফেক্টলি ব্যবহার করা কখনোই হয় না। কেন হয় না, তার ব্যাখ্যা হয়তো মিলবে, কিন্তু তারপরও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

No description available.

কৈশোরের রঙিন স্বপ্নময় জীবন ডিঙিয়ে তারুণ্যের প্রাপ্তি-অপ্রাপ্তির সময়ে এসে পড়াশোনায় নিজেকে প্রমাণ করার জন্য যেমন প্রয়োজন অধ্যবসায়, তেমনি প্রতিনিয়ত আগামীর জন্য নিজেকে তৈরি করাও আবশ্যক। কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক পরিমণ্ডলে সময়ের সঠিক ব্যবহার করতে জানতে হবে। নিয়মিত ক্লাস, সেমিনার কিংবা লাইব্রেরি ওয়ার্ক যেমন একাডেমিক সাফল্য এনে দিতে পারে, তেমনি আসতে পারে একঘেয়েমি। তাতে ঘটতে পারে ছন্দপতন। আক্ষরিক অর্থেই অধ্যয়ন আর অধ্যবসায়ই শিক্ষাজীবনের সাফল্যের মূল চাবি। কিন্তু অধ্যয়নের মাঝেও মনকে প্রফুল্ল রাখার জন্য দরকার বন্ধুদের সঙ্গে হাস্যোজ্জ্বল আড্ডা। মাঝে মাঝেই বন্ধুদের সঙ্গে এই করমর্দন পড়াশোনায় এনে দিতে পারে নতুন সঞ্জীবনী শক্তি।

No description available.

কখনো অশ্রু আবার কখনোবা হাসি, অহেতুক আবেগের ভালোবাসায় অনেক তরুণপ্রাণই হয়েছে বিপর্যস্ত। নিজেকে তৈরি করে নিয়ে সময়ের প্রয়োজন মিটিয়ে স্বপ্ন আর বাস্তবতার মাঝে সাঁকো রচনা করতে পারলেই তারুণ্য হয় আরও হাস্যোজ্জ্বল। অন্যদিকে সেমিনার বা লাইব্রেরি ওয়ার্ক বন্ধুদের সঙ্গে শেয়ার করার মাঝেও থাকে আগামীর সম্ভাবনা।

নাগরিক আটপৌঢ়ে জীবনে তারুণ্যের সময় যেমন অতিবাহিত হয় শহুরে ব্যস্ততায়, তেমনি মফস্বলের স্নিগ্ধতায় সারল্যময় জীবনে গ্রাম্য তরুণের সময় কেটে যায় সকাল থেকে সন্ধ্যার আবর্তনে। শহর কিংবা গ্রাম যে প্রেক্ষিতই হোক না কেন, সময় মতো সময়ের কাজ করাটা যে কারো জন্যই আবশ্যক। তা না হলে সৃষ্টি হয় মাত্রাতিরিক্ত সংঘাত আর বিপর্যয়। সৃষ্টিশীল তারুণ্য পতিত ফলের থেঁতলে যাওয়া বীজেও তৈরি করে স্বপ্নের সৃজন চেতনার মহীরূহ।  

ইত্তেফাক/জেডএইচডি