বিনোদন রিপোর্ট
গত জুলাই মাসে ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তির পর থেকেই দারুণ প্রশংসিত হচ্ছে চঞ্চল চৌধুরী অভিনীত ওয়েব সিরিজ ‘তাকদীর’। এবার সেই সফলতার ঝুড়িতে জমা হলো আরো একটি অর্জন। বর্ষসেরার পুরস্কার পেল সিরিজটি। প্রোম্যাক্স ইন্ডিয়া অ্যাওয়ার্ডে আঞ্চলিক ওয়েব সিরিজ বিভাগে সেরা ওয়েব সিরিজের পুরস্কার পেয়েছে বাংলাদেশি নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর ‘তাকদীর’। পুরস্কার প্রাপ্তিতে হইচই বাংলাদেশের প্রধান শাকিব আর খান বলেন, ‘এই পুরস্কার পাওয়া আমার কাছে এখনো পরাবাস্তবের মতোই লাগছে। ভারতীয় গল্পে নির্মিত ওয়েব সিরিজগুলোকে পেছনে ফেলে ঢাকার বুক থেকে জন্ম নেওয়া একটি গল্প সেরার পুরস্কার অর্জন করলো, এটা নিঃসন্দেহে ভালোলাগার।’ উল্লেখ্য, ঢাকার তরুণ নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় এই সিরিজে চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, সানজিদা প্রীতি, মনোজ প্রামাণিক, সোহেল মন্ডল রানা, রিকিতা নন্দিনী শিমু ও ইন্তেখাব দিনার। একটি লাশবাহী ফ্রিজার ভ্যানচালক তাকদীরকে ঘিরে সিরিজটির কাহিনি আবর্তিত হয়েছে।
