রাণীশংকৈলে কবর থেকে বৃদ্ধের লাশ উত্তোলন

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২১:১৬

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা

দাফনের সাড়ে তিন মাস পর রাণীশংকৈল উপজেলার গাঙ্গুয়া গ্রামের বৃদ্ধ হোসেন আলির (৭৮) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। রবিবার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত্ সাহা, রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ফিরোজ আলম স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম ও এলাকাবাসীর উপস্থিতিতে এ লাশ উত্তোলন করেন।

প্রসঙ্গত, গত ২৬ জুন দুপুরে গাঙ্গুয়া গ্রামের বৃদ্ধ হোসেন আলি তার নাতি রুহুল আমিনের বাড়ির বারান্দায় অসুস্থ অবস্থায় মারা যান। তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। পরে তার মেয়ে মাহমুদা খাতুন এ নিয়ে ৩ জুলাই ঠাকুরগাঁও জেলা আদালতে বাদী হয়ে মামলা দায়ের করেন। ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ জানান, উত্তোলনকৃত লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।