চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২১:৪১

টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। তার আগে গতকাল আসরের প্রাইজমানি ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। টুর্নামেন্টের মোট প্রাইজমানি ৫৬ লাখ ডলার, যা বণ্টন করা হবে প্রতিটি দলের মধ্যে। যেখানে চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ কোটি ৬৮ লাখ টাকা। রানার্সআপ দল পাবে তার অর্ধেক ৮ লাখ ডলার (প্রায় ৬ কোটি ৮৪ লাখ টাকা)।

হেরে যাওয়া দুই সেমিফাইনালিস্টের কপালে জুটবে ৪ লাখ ডলার করে (প্রায় ৩ কোটি ৪২ লাখ টাকা)। ২০১৬ সালের আসরের মতো এবারও সুপার টুয়েলভে ম্যাচ জয়ী দলের জন্য বোনাসের ব্যবস্থা রেখেছে আইসিসি। ৩০ ম্যাচের প্রতিটিতে ৪০ হাজার ডলার (প্রায় ৩৪ লাখ ২১ হাজার টাকা) করে পাবে জয়ী দল। সুপার টুয়েলভ থেকে বাদ পড়া দলগুলোর জন্য বরাদ্দ থাকছে ৭০ হাজার ডলার  করে (প্রায় ৫৯ লাখ ৮৬ হাজার টাকা)।  তাছাড়া প্রথম রাউন্ডেই যাদের বিশ্বকাপ শেষ হয়ে যাবে, তারা প্রত্যেককে ৪০ হাজার ডলার করে পাবে। তবে এখানেও আছে বোনাস। প্রতি ম্যাচে জয়ী দলকে ৪০ হাজার ডলার করে দিবে আইসিসি। প্রথম রাউন্ডে দুই গ্রুপে অংশ নেবে আটটি দল। গ্রুপ ‘এ’তে থাকছে বাংলাদেশ, ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি। আর গ্রুপ ‘বি’তে থাকছে আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা।

সুপার টুয়েলভে দুই গ্রুপে আছে ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও প্রথম রাউন্ডের সেরা চারটি দল।

নতুন সংযোজন ডিআরএস ও

ড্রিংকস ব্রেক

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ দুই আসরে ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) ব্যবহার করা হলেও এবারই প্রথম থাকছে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ম্যাচের প্রতি ইনিংসে দুটি করে রিভিউ নেওয়ার সুযোগ থাকছে প্রতিটি দলের জন্য। ডিআরএস ছাড়াও বিশ্বকাপের আরেক নতুন সংযোজন ড্রিংক্স ব্রেক (পানি পানের বিরতি)। প্রতি ইনিংসের মাঝপথে থাকছে আড়াই মিনিটের এ বিরতি। এদিকে বিশ্বকাপকে সামনে রেখে আইনেরও খানিকটা পরিবর্তন এনেছে আইসিসি। বৃষ্টিবিঘ্নিত যে কোনো টি-টোয়েন্টি ম্যাচের দুই ইনিংসে অন্তত পাঁচ ওভার খেলা হলেই ফল বের করা যেত। প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভ চলবে এই নিয়মেই। তবে তা বদলে যাবে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে এসে। যেখানে ফল বের করতে হলে দুই ইনিংসে অন্তত ১০ ওভার খেলা মাঠে গড়াতে হবে।