বিসিসিসিআই-ইআরএফ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
ইত্তেফাক রিপোর্ট
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ব্যবসা ও উন্নয়ন কার্যক্রমের বিবেচনায় চীন বাংলাদেশের সবচেয়ে বড় অংশীদার। রপ্তানি পণ্যের কাঁচামাল, এক্সেসরিজসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের ওপর বাংলাদেশের নির্ভরতা রয়েছে। ফলে দুই দেশের সম্পর্কে রাজনীতির চেয়ে ব্যবসার গুরুত্ব বেশি। গতকাল রবিবার বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) ও ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। ‘বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর সেরা রিপোর্টিং অ্যাওয়ার্ড’ বিতরণ উপলক্ষ্যে রাজধানীর পল্টনে ইআরএফ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত থেকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকাস্থ চাইনিজ রাষ্ট্রদূত লি জিমিং। বিসিসিসিআইয়ের যুগ্ম মহাসচিব আল মামুন মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির মহাসচিব শাহাজাহান মৃধা বেনু।
প্রথমবার বিসিসিসিআই ও ইআরএফ যৌথভাবে এ ধরনের অ্যাওয়ার্ডের আয়োজন করল। এতে ইআরএফের অর্ধশতাধিক সদস্য প্রতিবেদন জমা দেন। এর মধ্য থেকে বাংলাদেশ চীনের সম্পর্কের বিভিন্ন খাতভিত্তিক ১০টি ক্যাটাগরিতে ১০টি রিপোর্টকে সেরা হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। বিজয়ী রিপোর্টারদের ক্রেস্ট, সনদ ও ৫০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী, বিসিসিসিআই সভাপতি গাজী গোলাম মুর্তজা, ইআরএফ সভাপতি শারমীন রিনভীসহ অনুষ্ঠানে উপস্থিত অন্যরা।
ঢাকাস্থ চায়নিজ রাষ্ট্রদূত লি জিমিং জাতিসংঘের ৭৬তম অধিবেশনে চাইনিজ প্রেসিডেন্ট শি জিংপিংয়ের বক্তব্যের উদ্বৃত্তি দিয়ে বলেন, চীন বৈশ্বিক উন্নয়নে কাজ করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। বাংলাদেশও চীনের এই বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ থেকে সহায়তা পাবে। গত ৫০ বছরে বাংলাদেশের অসাধারণ অগ্রগতি হয়েছে। সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) নির্ধারিত সময়ে অর্জন হয়েছে। ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণ ঘটবে বাংলাদেশের। আর ২০৩০ সালের মধ্যে বিশ্বের ৩৫তম অর্থনীতিতে রূপান্তরিত হবে।
যারা অ্যাওয়ার্ড পেলেন : দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ প্রতিনিধি আবুল কাশেম, দ্য নিউ এইজ পত্রিকার বিশেষ প্রতিনিধি সাখাওয়াত হোসেন, দ্য ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার আহসান হাবীব, আলোকিত বাংলাদেশের স্টাফ রিপোর্টার মৌসুমী ইসলাম (বর্তমানে নিউজ বাংলাটোয়েন্টিফোর ডটকম এ কর্মরত), দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি জসিমউদ্দিন হারুন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের ইকোনমিক এডিটর প্রয়াত এ জেড এম আনাস, নিউজ২৪ টেলিভিশনের স্টাফ রিপোর্টার বাবু কামরুজ্জামান, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেন, গাজী টেলিভিশনের স্টাফ রিপোর্টার তৌহিদুল ইসলাম এবং যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাসুদুজ্জামান রবীন পুরস্কার পেয়েছেন।
