এআইইউবির সমাবর্তন
ইত্তেফাক রিপোর্ট
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা চতুর্থ শিল্পবিপ্লবের সফল অংশীদার হতে চাই। আর যদি তা আমাদের সফলভাবে করতে হয় তবে আমাদের শিক্ষার্থীদের কিছু বিশেষ দক্ষতা অর্জন করতে হবে। শুধু ডিগ্রির সনদই যথেষ্ট নয়। গতকাল রবিবার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর ২০তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী নতুন গ্র্যাজুয়েটদের শুভেচ্ছা জানিয়ে বলেন, গত দেড় বছর ধরে আমরা একটা অতিমারির মধ্যে রয়েছি। যারা এ অতিমারির মধ্যে পড়াশোনা শেষ করেছেন তাদের অভিনন্দন। শিক্ষার্থীদের চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি।
সমাবর্তন বক্তা হিসেবে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এইচ ই রবার্ট চ্যাটার্টন ডিকসন তার শিক্ষা ও কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে উপস্থিত গ্র্যাজুয়েটদের উদ্বুদ্ধ করেন। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এখন সর্বত্র প্রশংসনীয়। অর্থনীতিসহ নারী শিক্ষা ও উন্নয়ন এবং শিক্ষায় বাংলাদেশের অগ্রগতি একটি মাইলফলক।
অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এআইইউবি-এর উপাচার্য ড. কারমেন জেড ল্যামাগনা, এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল আবেদীন এবং শিক্ষার্থীদের পক্ষে এমপিএইচ বিভাগের শিক্ষার্থী নুদের নোওয়ার নিজাম বক্তব্য রাখেন।
সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষাবর্ষ ২০১৯-২০ এবং ২০২০-২১-এর বিভিন্ন অনুষদের মোট ২ হাজার ৮৭৮ জন ছাত্রছাত্রীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়।
