ইত্তেফাক রিপোর্ট
বাংলায় নারী জাগরণ এবং ক্ষমতায়নে যারা কাজ করে গেছেন, তাদের মধ্যে অন্যতম ড. নীলিমা ইব্রাহিম। তিনি একাধারে একজন শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী। শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি—সবকিছুতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন মহীয়সী এই নারী। শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী নীলিমা ইব্রাহিমের জন্ম শতবর্ষ আজ। ১৯২১ সালের ১১ অক্টোবর বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামের এক জমিদার পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
বাংলাদেশ মহিলা সমিতির প্রতিষ্ঠাতা সভানেত্রী ছিলেন নীলিমা ইব্রাহিম। তার শততম জন্মদিন উদ্্যাপনে কর্মসূচি নিয়েছে মহিলা সমিতি। সেগুলোর মধ্যে রয়েছে সংগঠনের বাংলা ওয়েবসাইট অবমুক্তকরণ এবং পাঁচ দিনব্যাপী নাট্যোত্সবের আয়োজন। এছাড়া বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠান, সেমিনার ও কর্মশালার আয়োজন করা হবে। নীলিমা ইব্রাহিম আমৃত্যু মানুষের শুভ ও কল্যাণী চেতনায় আস্থাশীল ছিলেন। মুক্তবুদ্ধি, অসাম্প্রদায়িক চেতনা ও উদার মানবিকতাবোধই ছিল তার জীবনদর্শন।
