কুষ্টিয়ায় মাদক মামলায় চিকিত্সকের ১৫ বছর কারাদণ্ড

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২২:২২

কুষ্টিয়ায় মাদক মামলায় আসাদুজ্জামান ফিরোজ নামে এক চিকিত্সককে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ডসহ অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। রবিবার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এসময় দণ্ডপ্রাপ্ত ডা. আসাদুজ্জামান ফিরোজ আদালতে উপস্থিত ছিলেন। আসাদুজ্জামান ফিরোজ ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামের কারিগরপাড়ার আব্দুল রাজ্জাকের ছেলে।

এছাড়া অভিযোগ প্রমাণিত না পাওয়ায় জয়নাল আবেদীন জয় এবং নাহারুল ইসলাম নামে অপর দুই জনকে বেকসুর খালাশ দেয় আদালত।

জানা যায়, ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় মিরপুর উপজেলার নাজারুল মালিথার ‘স’ মিলের ভেতর মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সেবনকালে কুষ্টিয়া সরকারি টিবি হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আসাদুজ্জামান ফিরোজ, জয়নাল আবেদীন জয় ও  নাহারুল ইসলামকে আটক করে পুলিশ। এ সময় তাদের দেহ ও ঘর তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করে। এ ঘটনায় মিরপুর থানায় মাদক আইনে মামলা করা হয়।