একুশে এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ‘বোস অধ্যাপক’ ড. এ এম হারুন অর রশিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার প্রেরিত শোক বার্তায় তিনি বলেন, ‘অধ্যাপক হারুন অর রশিদ শুধু একজন পদার্থবিজ্ঞানীই নন, বিজ্ঞান গবেষণায় একটি নিবেদিত প্রাণ। নিয়মিত গবেষণার পাশাপাশি তিনি পদার্থবিজ্ঞান শিক্ষায় বিশেষ করে বাংলা ভাষায় পদার্থবিজ্ঞান শিক্ষায় অনবদ্য ভূমিকা রেখেছেন। তার মৃত্যু দেশের বিজ্ঞান শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে একটি বিরাট শূন্যতা সৃষ্টি করেছে। প্রখ্যাত পদার্থবিজ্ঞানী বাংলা একাডেমির সম্মানিত ফেলো অধ্যাপক এ এম হারুন অর রশীদ গত শনিবার প্রয়াত হয়েছেন।’ এছাড়াও, তার মৃত্যুতে শোক জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও বাংলা একাডেমি।
অপরদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপ-উপাচার্য এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আফসার আহমেদের মৃত্যুতেও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলা নাটকে অনন্য অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।’ এছাড়া, তার মৃত্যুতে শোক জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও বাংলা একাডেমি। বিশিষ্ট নাট্যজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমেদ শনিবার প্রয়াত হয়েছেন।
