সবার জন্য খুলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২২:২৯

৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়ার পর এবার সবার জন্য খুলে দেওয়া হলো বিশ্ববিদ্যালয়ের হলগুলো। গতকাল রবিবার সকাল ৮টা থেকে সকল বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে শুরু করেন। সকাল ৮টা থেকে হলের প্রাধ্যক্ষগণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। এসময় শিক্ষার্থীদের টিকার কার্ড ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখাতে হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকাল ১১টায় ড. মুহম্মদ শহীদুল্লাহ হল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ‘গণরুমের বিষয়ে হল প্রশাসন একটি বিশেষ উদ্যোগ নিয়েছে। যাতে কোনোক্রমেই আগের মতো ঠাসাঠাসি করে শিক্ষার্থীরা হলে অবস্থান না করে। এটি স্বাস্থ্যবিধি পরিপন্থি, স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। অন্যদিকে শিক্ষার্থীদের জীবনমানের ওপরও নেতিবাচক প্রভাব পড়ে।’

উপাচার্য বলেন, ‘কথিত গণরুম কোনোভাবেই কাম্য নয়। এই সংকট নিরসনে হল প্রশাসনের যে বিশেষ উদ্যোগ, সে উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট সব মহলেরই সদয় সহযোগিতা করা খুবই জরুরি। এই উদ্যোগটি তখনই সফল হবে, যখন শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট বিভিন্ন স্টকহোল্ডারদের ইতিবাচক ভূমিকা থাকবে। তাহলে দীর্ঘদিনের এই সংকট থেকে আমরা মুক্ত হতে পারব।’ সব বর্ষের জন্য হল খোলার বিষয়ে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘পর্যায়ক্রমে আমরা আজ সব আবাসিক শিক্ষার্থীকে হলে তুলেছি। আমাদের শিক্ষার্থীদের মধ্যে যথেষ্ট স্বাস্থ্য সচেতনতাবোধ তৈরি হয়েছে। বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল বাছির বলেন, ‘আমরা শুধুমাত্র আবাসিক শিক্ষার্থীদের হলে তুলছি। কিছু অনাবাসিক শিক্ষার্থী উঠতে চাইলেও আমরা ফেরত পাঠিয়েছি। ১৭ তারিখ বৈধ সিট দিয়েই আমরা তাদের হলে তুলব। আপাতত কাউকে আমরা স্বাস্থ্য ঝুঁকির মধ্য দিয়ে হলে তুলব না।’