আগামী ২ নভেম্বর সিরাজগঞ্জ-৬ আসনে উপনির্বাচনের দিনই সপ্তম ধাপের ১০ পৌরসভায় নির্বাচন হবে। ১০ পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা গতকাল শেষ হয়েছে। আজ বাছাই হবে। ১৭ অক্টোবর পর্যন্ত প্রত্যাহার করা যাবে। এদিকে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এবং একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ১০ পৌরসভার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও খাগড়াছড়ির রামগড় পৌরসভায় মেয়র পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা দুজনেই মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী। মনোনয়নপত্র প্রত্যাহার শেষে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবে ইসি।
অন্যান্য পৌরসভা হলো নরসিংদী জেলার ঘোড়াশাল, ফেনীর ছাগলনাইয়া, বগুড়ার সোনাতলী, দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমার, নড়াইলের লোহাগড়া, কিশোরগঞ্জের পাকুন্দিয়া এবং চাঁপাইনবাবগঞ্জের চাঁপাইনবাবগঞ্জ।
সিরাজগঞ্জ-৬ আসনে তিন প্রার্থী
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এবং একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান, জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী উপজেলা জাপার সভাপতি মোক্তার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হুমায়ুন কবীর। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে রাজশাহী বিভাগীয় নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলামের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
গত ২ সেপ্টেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।
