ভারতের বিভিন্ন রাজ্যে কয়লার সংকট শিগিগরই কেটে যাবে :কেন্দ্রীয় মন্ত্রী

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ০০:১২

কয়লার সংকটের কারণে ভারতের রাজধানী দিল্লিসহ অনেক রাজ্য অন্ধকারে ডুবে যেতে পারে—এমন আশঙ্কার মধ্যেই কেন্দ্রীয় সরকার আশ্বস্ত করেছে যে, কয়েক দিনের মধ্যেই এ সংকট দূর হবে। কেন্দ্রীয় কয়লামন্ত্রী প্রহ্লাদ জোশি বলেছেন, আগামী তিন-চার দিনের মধ্যে এ সমস্যা কেটে যাবে। গত কয়েক বছরের এ সময়ের তুলনায় শেষ দুই মাসে দেশে সবচেয়ে বেশি কয়লা উত্তোলন হয়েছে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, গত কয়েক দিনে বিভিন্ন রাজ্যে কয়লার সংকটের কারণ হিসেবে চারটি বিষয় তুলে ধরেছে কেন্দ্রীয় সরকার। প্রথমত, অর্থনীতির পুনরুত্থান হওয়ায় ভারতে বিদ্যুতের ব্যাপক চাহিদা বেড়েছে। দ্বিতীয়ত, কয়লাখনি এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে। তৃতীয়ত, আমদানি করা কয়লার দাম বেড়েছে এবং চতুর্থত, মহারাষ্ট্র, রাজস্থান, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলোর কয়লা সংস্থার কাছে প্রচুর বকেয়া রয়েছে।

গত শনিবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়, সমস্যা সমাধানে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছে। তারপরও দুশ্চিন্তায় রয়েছে বেশ কয়েকটি রাজ্য। সবচেয়ে খারাপ অবস্থা রাজধানী দিল্লির। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে সমস্যার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, দুই দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে দিল্লিতে বিদ্যুত্সংকট দেখা দেবে। এমনকি দিল্লিতে ‘ব্ল্যাকআউট’ হতে পারে। গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, তামিলনাড়ুর মতো রাজ্যগুলোও কয়লার সমস্যা মেটাতে কেন্দ্রের কাছে আবেদন করেছেন।