দক্ষিণ সিটি করপোরেশনের অনুমতি না পাওয়ায় কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুর্গাপূজা উদ্যাপন না করে কলাবাগান স্টাফ কোয়ার্টার মাঠে পূজা উদ্যাপন করার সিদ্ধান্ত নিয়েছে ধানমন্ডি সর্বজনীন পূজা উদ্যাপন কমিটি। গতকাল ধানমন্ডি সর্বজনীন পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক সমেন সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দক্ষিণ সিটি করপোরেশনের সহযোগিতায় আমরা গণপূর্ত অধিদপ্তরের কাছ থেকে গ্রিন রোডের স্টাফ কোয়ার্টার মাঠে পূজা উদ্যাপন করার অনুমতি পেয়েছি। এখানে পূজা উদ্যাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’ তবে তিনি গতকাল দক্ষিণ সিটি করপোরেশনের এক বিবৃতিতে প্রদত্ত বক্তব্যের নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘এই বক্তব্য আমরা প্রত্যাখ্যান করছি এবং এর প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া এই বক্তব্য প্রত্যাহার করার জন্য কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি।’
দক্ষিণ সিটি করপোরেশনের ঐ বিবৃতিতে বলা হয়, ‘কলাবাগান মাঠ এবং ঐ এলাকায় ২০১৮ সাল থেকে উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সেখানে শিশুদের কিডস জোনের ২৯টি রাইড স্থাপন করা হবে। এই জোনকে ‘শহিদ শেখ রাসেল শিশু পার্ক’ নামে উদ্বোধন করা হবে। প্রকল্প চলাকালে কলাবাগান মাঠে দেশের সংখ্যাগুরু মুসলিম জনগোষ্ঠীর প্রধান ধর্মীয় উত্সব পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষ্যে ঈদ জামায়াত আয়োজনের কোনো অনুমতি দেওয়া হয়নি।’
