চীন প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা না সরালে ভারতও সরাবে না হুঁশিয়ারি ভারতীয় সেনাপ্রধানের

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ০০:১৬

ফের চীনকে হুঁশিয়ারি দিলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল এম এম নরবনে। তিনি বলেন, লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে চীন যদি সেনা না সরায়, তাহলে ভারতও সরাবে না। সম্প্রতি প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অরুণাচল প্রদেশ দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিল ২০০ চীনা সেনা। ভারতীয় বাহিনীর বাধার মুখে পড়ে পিছু হঠে তারা। দুই পক্ষের সংঘর্ষও হয়। সরকারি সূত্রে খবর, চীনের দিকে মল্ডো পয়েন্টে গতকাল রবিবারই দুই দেশ সেনা সরানো নিয়ে বৈঠকে বসার কথা। তার আগেই ভারতীয় সেনাপ্রধানের এই হুঁশিয়ারি যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সেনা সরানো নিয়ে দফায় দফায় শীর্ষ পর্যায়ের বৈঠক হলেও প্রকৃত নিয়ন্ত্রণরেখায় তত্পরতা বজায় রেখেছে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। শুধু তাই নয়, চীনের দিকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর নানা নির্মাণকাজও চালাচ্ছে তারা। নরবনে বলেন, ‘যেভাবে পিএলএ তাদের দিকে নির্মাণকাজ চালাচ্ছে তা দেখে মনে হচ্ছে, ওরা ওখানেই স্থায়ীভাবে থাকার বন্দোবস্ত করছে। যদি ওরা এ রকম ভাবনাচিন্তা করে, তাহলে আমরাও থেমে থাকব না। আমাদের সেনাও একই রকম ব্যবস্থা করবে।’ —আনন্দবাজার পত্রিকা