লেবাননে সবচেয়ে বড় বিদ্যুেকন্দ্র বন্ধ অন্ধকারে দেশ

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ০০:১৬

লেবাননে বিদ্যুত্ নেই। মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্যে সারা দেশ এখন বিদ্যুতের অভাবে অন্ধকারে ডুবে রয়েছে। একজন সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেন, দেইর আম্মার এবং জাহরানিতে অবস্থিত দেশটির সবচেয়ে বড় দুটি বিদ্যুেকন্দ্র জ্বালানির অভাবে বন্ধ হয়ে গেছে। বিদ্যুতের গ্রিড ‘শনিবার দুপুর ১২টার সময় সম্পূর্ণ অচল হয়ে গেছে’ এবং আগামী বেশ কয়েক দিনের আগে সেগুলো আবার চালু করা সম্ভব হবে না বলে সরকার জানিয়েছে। সেনাবাহিনী সহায়তা দিতে মাঠে নেমেছে।

গত ১৮ মাস ধরে লেবানন বড় ধরনের অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং দেশটিতে জ্বালানির চরম সংকট দেখা দিয়েছে। অর্থনৈতিক সংকটের ফলে দেশটির অর্ধেক জনগোষ্ঠী দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছে। দেশটিতে মুদ্রাসংকট তৈরি হয়েছে এবং রাজনীতিকদের বিরুদ্ধে ব্যাপক আকারে বিক্ষোভ প্রতিবাদ চলছে।  শনিবার গোটা দেশে বিদ্যুত্ সরবরাহ পুরো বন্ধ হওয়ার আগেও লেবাননের মানুষ দিনে মাত্র দুই ঘণ্টা করে বিদ্যুত্ পাচ্ছিলেন। লেবাননের অনেক মানুষকে জীবনধারণের জন্য এখন ডিজেল চালিত ব্যক্তিগত জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে। কিন্তু জ্বালানি সংকটের ফলে ক্রমশ এসব জেনারেটর চালানোও ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে। —বিবিসি