এশিয়ার শীর্ষ ধনী ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানি বিশ্বের শীর্ষ ধনীদের ১০ হাজার কোটি ডলারের ক্লাবে যোগ দিয়েছেন। এই ক্লাবের শীর্ষে জেফ বেজোফ ও এলন মাস্ক। এই ক্লাবের ১১তম সদস্য হলেন আম্বানি। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স এই তথ্য জানিয়েছে। শুক্রবার ভারতের রিলায়েন্সে ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানির কোম্পানির শেয়ারের মূল্য বৃদ্ধির ফলে তার মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৬০ কোটি ডলার। এ বছর তার সম্পদ বেড়েছে ২ হাজার ৩৮০ কোটি ডলার। নিজের সম্পদের পরিমাণে নতুন মাইলফলক স্পর্শ করলেন তিনি। ৬৫ বছরের মুকেশ আম্বানি ২০০৫ সালে বাবার বাণিজ্য সাম্রাজ্যে পা রাখেন। তিনিই সংস্থার ব্যবসার ক্ষেত্রকে বাড়িয়ে প্রযুক্তি, ই-কমার্সের সঙ্গেও যুক্ত করেন। ২০১৬ সালে টেলিকমিউনিকেশনের দুনিয়ায় কার্যত বিপ্লব এনে দেয় জিও। শুধু জিও থেকেই গত বছর ২৭ বিলিয়ন ডলার আয় করেছে আম্বানির সংস্থা। -হিন্দুস্তান টাইমস
