‘আন্ডারডগ’ তকমায় আপত্তি নেই বাংলাদেশের

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩২

স্পোর্টস রিপোর্টার

আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে দুই ধাপ এগিয়ে নিউজিল্যান্ড। সাত নম্বরে থাকা বাংলাদেশের এটি চতুর্থ নিউজিল্যান্ড সফর। চার নম্বরে অবস্থান করা নিউজিল্যান্ডকে তাদের মাটিতে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ। তবে দেশের মাটিতে ও নিরপেক্ষ ভেন্যুতে ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। সার্বিকভাবে রেকর্ড বলছে, নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিরুদ্ধে ‘আন্ডারডগ’ হিসেবেই ওয়ানডে সিরিজটা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।

টাইগারদের হেড কোচ স্টিভ রোডসের অবশ্য এই তকমাতে আপত্তি নেই। আজ নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাকলিন পার্কে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।

নিজেদের আন্ডারডগ হিসেবেই স্বীকার করে গতকাল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে রোডস বলেছেন, ‘আন্ডারডগ হয়ে আমাদের খারাপ লাগছে না। আন্ডারডগ হিসেবে আমরা অনেককেই চমকে দিতে পারি। আমার ধারণা, নিউজিল্যান্ডও জানে, আমাদের হারাতে হলে খুব ভালো ক্রিকেট খেলতে হবে।’

তবে স্বাগতিকদের বিরুদ্ধে জয় অসম্ভব মনে করেন না বাংলাদেশের হেড কোচ। আবার কাজটাও অনেক কঠিন বলেই উল্লেখ করেছেন তিনি। রোডস বলেছেন, ‘এটা সত্যিই কঠিন কাজ। অধিনায়ক মাশরাফি সংবাদ মাধ্যমে যেমনটি বলেছেন, আমার মনে হয় সে সঠিক বলেছে। এমন নয় যে আমরা জিততে পারব না। আমি মনেকরি সম্প্রতি ওয়ানডে ক্রিকেটে আমরা দারুণ খেলেছি, ওয়েস্ট ইন্ডিজকে কয়েকবার হারিয়েছি আমরা। যদিও নিউজিল্যান্ডে এসে জেতাটা অনেক কঠিন।’

চোটের কারণে ওয়ানডে সিরিজে নেই সাকিব আল হাসান। এমনকি গোটা সফরেই তাকে না পাওয়ার সম্ভাবনা আছে। রোডস বলেছেন, সাকিবকে না পাওয়া বড় ক্ষতি। তিনি বলেন, ‘অবশ্যই আমাদের জন্য এটি বড় আঘাত, একজন সাকিব আল হাসান তো বিশ্বেই খুব বেশি একটা নেই। আমাদের জন্য বড় ধাক্কা ওকে না পাওয়া। ওকে ছাড়া খেলা অনেক বড় চ্যালেঞ্জ।’

যদিও ওয়ানডেতে দুই দলের শেষ দুটি সাক্ষাতেই জয়ের স্মৃতি রয়েছে বাংলাদেশের দখলে। ২০১৭ সালে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউইদের হারিয়েছিল মাশরাফি বিন মুর্তজার দল। যে ম্যাচের স্মৃতি প্রেরণা যোগাচ্ছে টাইগারদের। রোডস বলেছেন, ‘আমাদের অনেকেরই সেই ম্যাচের স্মৃতি আছে। নিউজিল্যান্ডের অনেকেরও আছে। শুধু আমাদের জন্য নয়, ওদের জন্যও আসলে অনুপ্রেরণা হতে পারে। তবে আমাদের দলটির মূল ব্যাপার হলো, এই দল এখন অনেক অভিজ্ঞ। ওয়ানডে ম্যাচ অনেক খেলেছে। বিশ্বকাপকে সামনে রেখে, এই ধরনের টুর্নামেন্টে অভিজ্ঞতা সবসময়ই বড় একটি ব্যাপার।’

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডেতে বাধা হয়ে দাঁড়াতে পারে সূর্যের আলোক রশ্মি। কারণ নেপিয়ারে সূর্যাস্তের সময় সূর্যের আলোক রশ্মি সরাসরি ব্যাটসম্যানের চোখে গিয়ে পড়ে। সম্প্রতি ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডেতে একই কারণে ৩০ মিনিটের মত খেলা বন্ধ রাখা হয়।

বিষয়টি সম্পর্কে অবগত বাংলাদেশ দল। গতকাল রোডস বলেছেন, ‘আমি ম্যাচ রেফারির সঙ্গে কথা বলেছি। এটা হতে পারে। সূর্য যদি অনেক নিচে নেমে আসে, সেটা কয়েক ওভারে সমস্যা তৈরি করতে পারে। তবে এই সমস্যা তো দুই দলেরই হবে। আমাদের আম্পায়ারের সিদ্ধান্ত দেখতে হবে। তবে খুব বেশি দেরি হয়তো হবে না।’

প্রাকৃতিক এই সমস্যা ম্যাচে খুব বেশি প্রভাব ফেলবে না বলেই আশা করছেন রোডস।