মানিকগঞ্জে রবিন হোসেন নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার তেরদোনা গ্রামের একটি ফসলি জমি থেকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। রবিন (২২) মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কলাসি গ্রামের মজিবুর রহমানের ছেলে।
স্থানীয় এক ব্যক্তি জানান, ভোর ৩টার দিকে রবিন হোসেন ও একই গ্রামের ইজিবাইকচালক হিরণ আলী সবজি নিয়ে মানিকগঞ্জ যাচ্ছিলেন। পথে তেরদোনা এলাকায় পৌঁছালে ৮-১০ জন তাদের গতিরোধ করে। এ সময় হিরণ আলীর মাথায় আঘাত লাগলে তিনি জ্ঞান হারান। রবিনের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান। পরে পুলিশকে জানানো হয়।
এ ব্যাপারে ইজিবাইকচালক হিরণ আলী জানান, দুর্বৃত্তরা আমার ইজিবাইক, আড়াই হাজার টাকা ও রবিন হোসেনের কাছে থাকা ১০-১২ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।
মানিকগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ ( ওসি) আকবর আলী খান জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ছিনতাই, পূর্ব শত্রুতা নাকি অন্য কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা উদঘাটনে পুলিশ কাজ করছে।
ইত্তেফাক/ইউবি
