শেখ জামাল ১ : ০ ব্রাদার্স
স্পোর্টস রিপোর্টার
পেশাদার ফুটবল লিগে গতকাল দিনটাই ছিল দেশি ফুটবলারদের। ময়মনসিংহে আবাহনী ও আরামবাগের ম্যাচের তিন গোল এবং ঢাকায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার একমাত্র গোলটিও করেছেন দেশিরাই।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল ১-০ গোলে ব্রাদার্সকে হারিয়েছে। তৃতীয় মিনিটে খেলার একমাত্র গোলটি করেন সাখাওয়াত হোসেন রনি। প্রিমিয়ার লিগে রনির প্রথম গোল এটি। আর্জেন্টাইন লুসিয়ানো এমানুলে শট করেছিলেন ব্রাদার্সের জালে। সেটি ঠিকানা খুঁজে পায়নি। ফাঁকায় বল পেয়ে স্ট্রাইকার রনি পা ছোঁয়ান, ১-০। ম্যাচের বাকি ৮৭ মিনিট ব্রাদার্স এবং শেখ জামাল লড়াই চালালেও জালে বল গেল না। ছয় ম্যাচে শেখ জামাল এই প্রথম দেশি ফুটবলারের গোলে ম্যাচ জিতেছে। আগের তিন খেলায় সব গোল বিদেশিদের।
শেখ জামালের নাইজেরিয়ান কোচ আফুসি ডাগআউটে দাঁড়িয়ে ভয়ে ছিলেন। কখন না গোলটা হজম করে ফেলে। কিন্তু সেটা হয়নি বলে নিজেকে ভাগ্যবান মনে করছেন। আফুসি বলছিলেন, ‘আমার দল জিতেছে। তিন পয়েন্ট পেয়েছে। এটাই বড় কথা। আমি ভাগ্যবান মনে করছি নিজেকে।’
শেখ জামাল প্রথম দুই ম্যাচ হেরেছিল। পরের ম্যাচে ড্র। এরপর টানা তিন ম্যাচ জিতল, ছয় খেলায় ৯ পয়েন্ট নিয়ে শেখ জামাল এখন এগিয়ে যাচ্ছে।
ব্রাদার্সের অনেক সমস্যা। কোচ নাইমুুদ্দিনের ব্রাদার্স গোল শোধ করার মতো সুযোগ পেয়েও পারেনি। ভারতীয় এই কোচ খেলা শেষে বলছিলেন তাদের সমস্যার কথা। ডিফেন্ডার ইরাকি ফুটবলার বাবার অসুস্থতার খবরে বাড়ি গেছেন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিমা লিওনার্দো তিন হলুদ কার্ডের কারণে মাঠের বাইরে। দলের শক্তিটা কমে গিয়েছে। সেটা নিয়ে আফসোস করছিলেন নাইমুদ্দিন। মোহামেডানকে হারিয়ে তিন পয়েন্ট পাওয়া ব্রাদার্স চার খেলায় হারল। আগামী ম্যাচ আবাহনীর বিপক্ষে রবিবার।
