পূজার সাজে

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৯:৪০

দুর্গাপূজায় প্রতিদিনের সাজেই থাকা চাই ভিন্নতা। এবারের পূজার সময়টায় কিছুটা গরমের আমেজ থাকায় পূজামণ্ডপে সারাদিন আপনার উপস্থিতির ক্ষেত্রে সুতি পোশাকই স্বস্তিদায়ক হবে। পূজার সাজ নিয়ে লিখেছেন সৈয়দা রাকীবা ঐশী

মুখের মেকআপ

মেকআপের ভিত্তিই হলো বেজ মেকআপ। বেজ মেকআপের জন্য এ সময়ে অর্থাত্ পূজার সারাদিনের সাজে অবশ্যই স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে বা ১-২ শেড উজ্জ্বল মেকআপ নির্বাচন করা প্রয়োজন। গরমের কারণে ঘাম হয় তাই মেকআপ হতে হবে ওয়াটার প্রুফ। একইসঙ্গে  ত্বক সানবার্নমুক্ত রাখতে অবশ্যই সান প্রোটেকটেড ফিল্টার সমৃদ্ধ মেকআপ নির্বাচন করা প্রয়োজন। বেজ মেকআপ করার আগে মনে রাখবেন, আপনার চেহারার দোষত্রুটি আড়াল করে লুকিয়ে থাকা সৌন্দর্যকে ফুটিয়ে তোলাই কিন্তু এর কাজ। বেজ মেকআপ অ্যাপ্লাই করার পর চেহারা বা ত্বকের ন্যাচারাল শেড ঢাকা পড়ে যায়। ফ্ল্যাট লুক আসে। তাই ডার্কশেড ব্যবহার করে পুনরায় চেহারার শার্পনেস ঠিক করে নিতে হবে। আপনার পূজার সাজ যেহেতু হবে হালকা, তাই বিশেষভাবে খেয়াল রাখবেন। মনে রাখবেন, অতিরঞ্জিত কিছু দিনের আলোয় সহজেই ধরা পড়ে।

ব্লাশঅন

গালের ফুলে ওঠা অংশে হালকা ব্লাশ স্মুথ আভার মতো মিলিয়ে থাকবে।

চোখের মেকআপ

যেহেতু দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের পূজা। তাই সাজসজ্জায় বাঙালি লুকটাই গুরুত্ব পায়। আর পূজা যেহেতু গরমের সময় তাই হালকা মেকআপই ভালো লাগবে। আইশ্যাডের ক্ষেত্রে ব্রাউন, ব্রোঞ্জ, গোল্ডেন, কপার ও চাহিদা অনুযায়ী আইলাইনার ও ২-৩ কোট মাশকারার প্রলেপ দিন। যা এ সময়ের জন্য উপযুক্ত। মনে রাখবেন, আইব্রুর শেপ ও আইলাইনার দেওয়ার ধরন আপনার ব্যক্তিত্বকে প্রকাশ করবে।

লিপস্টিক

চোখের মেকআপকে গুরুত্ব দিতে চাইলে ঠোঁটকে হালকা রাখতে হয়। আবার একটু গ্লসের ব্যবহারেই হালকা লিপস্টিক দেওয়া ঠোঁটটাই বেশি গুরুত্ব পেয়ে যায়। কিন্তু এই গরমের সময় পূজার দিনের সাজ লিপগ্লস একদমই বেমানান। তাই বুঝে নিন কোনটি আপনার জন্য মানানসই। একপ্যাঁচে লাল-সাদা গরদ শাড়ি, চুলের সাজে খোঁপা বা বেণী বা খোলা রাখা লম্বাচুল, সিঁথিতে সিঁদুর, কপালে লাল টিপ, হাতে শাখা—এ সাজে খুব সহজেই আমরা ঠোঁটে লাল লিপস্টিকই ভাবি। আবার এই ধরনের সাজের সঙ্গে সালোয়ার-কামিজ বা ফতুয়াকে পোশাক হিসেবে ভাবা যায় না। অর্থাত্ ঠোঁটের লিপস্টিকের

শেড অনেক গুরুত্বপূর্ণ।

অনুষঙ্গ

সিঁথিতে সিঁদুর দেওয়ার ভিন্ন ভিন্ন ধরন আছে কিন্তু বিবাহিত মেয়েদের কাছে সিঁথিতে সিঁদুর কেবলমাত্র সাজের অনুষঙ্গ নয়। হাতের শাঁখা-পলাও ঠিক তেমনই গুরুত্বপূর্ণ হিন্দু সম্প্রদায়ের প্রত্যেক বিবাহিত নারীর কাছে। প্রতিটি অনুষঙ্গের বিশেষত্বকে বুঝে ভিতরে ধারণ করে তার প্রকাশ ঘটাতে পারলেই  তার পূর্ণতা আসে। কানের দুল, গলার মালা, নাকের নথ, খোপার কাঁটা—সবই নির্ভর করে সাজের বিশেষত্ব, পোশাকের ধরন এবং মানুষটির পছন্দ ও ব্যক্তিত্বের ওপর।

চুলের স্টাইল

চুলের স্টাইল সাজের ধরনও চুলের ধরনের ওপর নির্ভর করে। সাজের ক্ষেত্রে চুলের সাজই পরিপূর্ণতা এনে দিতে পারে। আর তাই মানানসই চুলের সাজ না হলে সাজে অপূর্ণতা থেকে যায়। তাই অবশ্যই পরিবেশ, আবহাওয়া, সময়, বয়স, পোশাক, চুলের ধরন, সাজের ধরন—সবকিছু বিবেচনা করেই সঠিক হেয়ার স্টাইল নির্বাচন করুন। যেটিতে আপনি নিজে স্বাচ্ছন্দ্যবোধ করবেন, আপনার নিজের ও সবার কাছে গ্রহণযোগ্য হবে—এমন সাজই কাম্য পূজার সময়।

ছবি সৌজন্যে লা রিভ