নস্টালজিয়া : স্মৃতির ইলিশ, পাতের ইলিশ

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৯:৪৫

 

বঙ্গবাসীর সঙ্গে ইলিশের সম্পর্ক সুপ্রাচীনকাল থেকে। পঞ্চদশ শতকের কবি বিজয় গুপ্তের মনসামঙ্গল কাব্যে লখিন্দর জন্মানোর আগে সনকার সাধতক্ষণে ইলিশের ঝোলের কথা রয়েছে—‘আনিয়া ইলিশ মত্স্য/করিল ফালাফালা/তাহা দিয়ে রাঁধে ব্যঞ্জন/দক্ষিণসাগর কলা।’ ১৮২২ সালে ড. ফ্রান্সিস বুখানন হ্যামিলটন বঙ্গোপসাগরের মাছ নিয়ে গবেষণা করার সময় ইলিশের প্রতিশব্দ ইংরেজি হিলসা শব্দটি ব্যবহার করেন। সত্যেন্দ্রনাথ দত্তের ‘ইলশেগুঁড়ি’ কবিতায় আছে—‘ইলশেগুঁড়ি ইলশেগুঁড়ি/ইলিশ মাছের ডিম/ইলশেগুঁড়ি ইলশেগুঁড়ি/দিনের বেলায় হিম।’

ইলিশ মাছ ও তার বিভিন্ন রন্ধনশৈলীর কথা ভোলা যায় না। শৈশবে সেই ১৯৫৭-৫৮ সালে মাকে দেখেছি ইলিশ মাছ রান্না করতে। অনেক স্মৃতি পুনর্জাগরণ হয় এই বয়সে। মায়ের হাতের রান্না ইলিশের সাদামাটা কালো জিরের ঝোল, সর্ষে ইলিশ, ইলিশ ভাপা, ইলিশের পাতুরি ইত্যাদি রসনার তৃপ্তি কি বলে বোঝানো যায়? হয়তো পনেরো আনা যায়, ষোলো আনা নৈব নৈব চ।

পদ্মায় ইলিশ পাওয়া যায়, কিন্তু তা কজনের ভাগ্যে জোটে! গোয়ালন্দ ঘাটের ইলিশ রান্না আজ ধূসর স্মৃতি! ইলিশ পাওয়া না পাওয়া নিয়ে আজ কত ব্যথাবেদনা!

বদলেছে জীবনযাত্রা। কোথাও সময়াভাবে ‘রেডিমিক্স’ মসলার ব্যবহার হচ্ছে। অনেক সংসারে গৃহিণীরাও কর্মরত বলে আগের রন্ধনপ্রণালীতে কাটছাঁট হয়েছে। বিত্তবানদের কথা স্বতন্ত্র। অন্যদের পাতে ইলিশ মানে হাতে চাঁদ।

কত স্মৃতি মনে পড়ে! তখন নেহাতই শিশু। বরিশাল জেলার পিরোজপুর মহকুমা শহরে থাকতাম। একতলা মাটির ঘর—দক্ষিণে ফুল ও ফলের বাগান। বাড়ির পাশ হয়ে মাটির রাস্তা এঁকেবেঁকে চলে গেছে দামোদর খাল পর্যন্ত—তারপর পাকা রাস্তা। সকাল দশটা হবে। শ্রাবণের অঝোর বৃষ্টিতে বারান্দা থেকে দেখলাম, বাবা দু হাতের দুই কনিষ্ঠায় চারটে আস্ত ইলিশ ঝুলিয়ে বাসায় ঢুকলেন। ব্যস, দেখামাত্র সব অন্ধকার। সেই ঘটনার পর আর আমাকে অত্যুজ্জ্বল আলোকে তাকানোর বিষয়ে পাঠ নিতে হয়নি।

একটু বড় হয়ে বাবার সঙ্গে মাঝেমধ্যে বাজারে যেতাম পিরোজপুরের বাজারে। বর্ষাকালে প্রায় প্রতিদিনই বাবা বাজারের থলেতে দিতেন ইলিশ। তখনও দুই-দুইটা ইলিশের দাম বারো আনা কী চৌদ্দ আনা ছিল। ১৯৬৬ সালের কথা, একবার বাবার ফেবারিট ইলিশ বিক্রেতার কাছে গেলাম। থলেতে ইলিশ তুলে দিলেন তিনি। দাম দেওয়ার সময় বলে ফেললাম, বড্ডো বেশি দাম মনে হচ্ছে! জবাবে উপেনবাবু বলেছিলেন, নো, মাই ডিয়ার। তুমি পেশকার সাহেবের পোলা না? দাম বেশি আর নিলাম কই!

বাবাকে একদিন জিজ্ঞেস করলাম, আমার জন্মের আগে দুটো বড় সাইজের ইলিশ মাছের দাম কত ছিল? বলেছিলেন, দুটো ইলিশ মাছের দাম একটি পঞ্চম জর্জের রুপোর সিকি।

লিয়াকত হোসেন খোকন