‘তার বক্তব্য সংঘাত উসকে দিচ্ছে,
ইতিহাসকে দূরে সরিয়ে
দিচ্ছে এবং বাস্তব সত্য
বিকৃত হচ্ছে’
রয়টার্স
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই-ইং-ওয়েনের জাতীয় দিবসের ভাষণ সংঘাত উসকে দিচ্ছে এবং সত্যকে বিকৃত করছে বলে এর নিন্দা জানিয়েছে চীন সরকার। চীনের তাইওয়ান বিষয়ক অফিস বলেছে, তাইওয়ান স্বাধীন হতে চাওয়ার কারণে আলোচনার দ্বার বন্ধ হয়ে যাচ্ছে। এর আগে রবিবার স্বশাসিত দ্বীপ তাইওয়ানের প্রেসিডেন্ট সাই-ইং-ওয়েন বলেছিলেন, তারা বেইজিংয়ের চাপে নত হবেন না। তাইওয়ানকে ঘিরে উত্তেজনার মধ্যেই সাই-ইং-ওয়েন বলেন, তাইওয়ান তার গণতান্ত্রিক জীবনধারা অব্যাহত রাখবে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ‘পুনরেকত্রীকরণ সম্পন্নের’ অঙ্গীকারের পরদিনই তাইওয়ানের জাতীয় দিবসে দেওয়া ভাষণে সাই এসব কথা বলেন। এরপরই পালটা প্রতিক্রিয়া জানিয়ে চীনের তাইওয়ান বিষয়ক অফিস সাইয়ের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ‘তার বক্তব্য সংঘাত উসকে দিচ্ছে, ইতিহাসকে দূরে সরিয়ে দিচ্ছে এবং বাস্তব সত্য বিকৃত হচ্ছে।’ সাইয়ের ক্ষমতাসীন পার্টির নাম উল্লেখ করে চীনের তাইওয়ান অফিস বলেছে, ‘ডেমোক্র্যাটিক প্রগেসিভ পার্টি কর্তৃপক্ষের স্বাধীনতার উসকানি চীন-তাইওয়ান সম্পর্কে উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে, যা তাইওয়ান প্রণালি জুড়ে শান্তি ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে।’
