তালেবানের সঙ্গে ‘স্পষ্ট ও পেশাদার’ আলোচনা হয়েছে :যুক্তরাষ্ট্র

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২০:১১

রয়টার্স ও আলজাজিরা

আফগানিস্তান থেকে গত ৩১ আগস্ট সেনা প্রত্যাহারের পর গত শনি ও রবিবার কাতারের দোহায় প্রথমবারের মতো তালেবান সরকারের প্রতিনিধিদের সঙ্গে মুখোমুখি বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। বৈঠকে ‘স্পষ্ট ও পেশাদার’ আলোচনা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে।

বৈঠকের পর যুক্তরাষ্ট্র বলেছে, তালেবানকে কথা দিয়ে নয়, কাজে প্রমাণ করতে হবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, চলতি সপ্তাহে দোহা আলোচনায় গুরুত্ব পেয়েছে নিরাপত্তা, সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের নাগরিকদের নিরাপদে ফেরার নিশ্চয়তার বিষয়গুলো। এছাড়া আফগানিস্তানের সমাজব্যবস্থায় সব ক্ষেত্রে নারীদের সর্বাত্মক অংশগ্রহণসহ মানবাধিকার বিষয়গুলোও উঠে এসেছে আলোচনায়। উভয় পক্ষ থেকে আফগান জনগণের জন্য যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা নিয়েও আলোচনা হয়েছে। এদিকে তালেবান প্রতিনিধিদলের সদস্যরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ইতিবাচক’ আলোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথাও জানান তারা।

২০ বছরের আফগান যুদ্ধের অবসান ঘটিয়ে গত ৩১ আগস্ট দেশটি থেকে সেনা প্রত্যাহার সমাপ্তি ঘোষণা করে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হয় ১ লাখ ২৪ হাজার মার্কিন এবং আফগান দোভাষীকে। কিন্তু সময়মতো লোকজন সরাতে না পেরে ঝুঁকির মধ্যে পড়েন আফগান দোভাষীরা, যারা গত ২০ বছর ধরে আমেরিকা ও তাদের মিত্রদের সহযোগিতা করেছেন। গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয় তালেবান। এর পর থেকে  টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দেশটির অর্থনীতিতে ধস নেমে আসে। কার্যত অচল হয়ে পড়ে গোটা দেশ। বন্ধ হয়ে যায় বিদেশি সহায়তা। তালেবানের নতুন সরকারের এক মাস হয়েছে। তাদের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার বিষয়টি এখনো প্রশ্নবিদ্ধ। ফলে নানা ধরনের সংকট আর ভয়ভীতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন আফগানরা। এর মধ্যে কুন্দুজের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত এবং  শতাধিক আহত হয়েছে।