বরিশালে অসহায়দের মধ্যে অনুদানের চেক বিতরণ

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২১:০৫

বরিশাল অফিস

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে অসহায় দরিদ্রদের মধ্যে ১৯ লাখ ৮৫ হাজার টাকা আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। সোমবার সকাল সাড়ে ১১টায় বরিশাল সিটি করপোরেশন প্রাঙ্গণে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সভাপতিত্বে প্রথম ধাপে ১৩৭ জনকে অনুদানের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মেয়র সাদিক আব্দুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন ছিল ২৮ সেপ্টেম্বর। যেহেতু ঐ সময় আমি উপস্থিত থাকতে পারি নাই তাই সেটি আমরা আজকে পালন করছি। এছাড়া সিটি করপোরেশন এলাকার যারা সাহায্য চেয়েছেন এমন ২৫০ জন অসহায় দরিদ্র মানুষের জন্য ৩০ লাখ টাকা অনুদান প্রদান করা হবে। অনুদানের মোট অর্থ দুই ধাপে বিতরণ করা হবে। ৫ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত বিভিন্ন অঙ্কে এ অনুদান বিতরণ করা হবে। অনুদানের অর্থ সরাসরি মেয়রের সাহায্য ভান্ডারে এসেছে। প্রতিটি অনুদান চেকের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। এখানে অনিয়মের কোনো সুযোগ নেই। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. ফারুক হোসেন প্রমুখ।