আনোয়ারায় বন্যহাতির আক্রমণে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২১:০৭

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

আনোয়ারা উপজেলায় বন্যহাতির আক্রমণে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার রাতে উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নের মধ্যম গুয়াপঞ্চক গ্রামের মোহাম্মদউল্যা পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া একই রাতে বন্যহাতির দল তাণ্ডব চালিয়ে ঐ গ্রামের দুই জনের বসতঘর ভেঙে ফেলে এবং বেশ কিছু গাছ নষ্ট করে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. সোলায়মান বলেন, বন্যহাতির আক্রমণে রাতে এক ব্যক্তি মারা গেছে। ভোরে মোহাম্মদউল্যা পাড়ার খেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে। তার অবস্থা দেখে বুঝা যাচ্ছে হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে।

এ বিষয়ে আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সৈয়দ ওমর বলেন, রাস্তার পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করেছে। তবে এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে।

বন্যহাতির তাণ্ডবের বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম ইয়াসিন বলেন, আনোয়ারায় হাতির তাণ্ডবের বিষয়ে আমরা উদ্যোগী হচ্ছি। ইতিমধ্যে সেখানে পাহারা দল গঠন করা হয়েছে।