পিরোজপুর অফিস
বরিশাল বিভাগের ছয়টি জেলার মধ্যে শুধু পিরোজপুর জেলায় ওয়াক ইন কুলার (ডব্লিউআইসি) না থাকায় করোনার ফাইজার টিকা সংরক্ষণের ব্যবস্থা নেই। ফলে পিরোজপুর জেলার টিকা গ্রহণকারীদের পার্শ্ববর্তী ঝালকাঠি জেলা হাসপাতালের সংরক্ষণাগারের ওপর নির্ভর করে টিকা নিতে হবে। এতে টিকা নিতে ইচ্ছুক জেলার বিশেষত শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হবে।
পিরোজপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের পাঁচটি জেলায় ওয়াক ইন কুলার (ডব্লিউআইসি) ভবন রয়েছে। ইউনিসেফ নির্মিত তাপ নিয়ন্ত্রণের উচ্চমাত্রার ব্যবস্থা সম্পন্ন এ ভবনে স্বাস্থ্য বিভাগ টিকা সংরক্ষণ করে থাকে। সময়মতো ভবন নির্মাণের স্থান দিতে না পারায় পিরোজপুরে ‘ওয়াক ইন কুলার’ ভবন নির্মাণ করা সম্ভব হয়নি।
পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি ইত্তেফাককে বলেন, ফাইজার টিকা রাখার জন্য হিমাংকের নিচে ৭০ ডিগ্রি তাপমাত্রা থাকা প্রয়োজন। ওয়াক ইন কুলার (ডব্লিউআইসি) না থাকায় পিরোজপুরে ফাইজার টিকা সংরক্ষণ করা যাবে না। এ কারণে ফাইজার টিকা নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের ফাইজার টিকা দিতে হলে পার্শ্ববর্তী ঝালকাঠি জেলা হাসপাতালের ডব্লিউআইসি থেকে টিকা আনতে হবে।
