এমবাপ্পের ‘বিতর্কিত’ গোলে চ্যাম্পিয়ন ফ্রান্স

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২১:৪৯

উয়েফা নেশনস লিগ

স্পোর্টস ডেস্ক

অফসাইডে থাকা কিলিয়ান এমবাপ্পের উদ্দেশে বল ছুড়ে দিলেন থেও এরনন্দেজ। কিন্তু বল তার কাছে পৌঁছানোর আগেই সেটাতে পা ছুয়ে দেন স্পেন ডিফেন্ডার এরিক গার্সিয়া। সঙ্গে সঙ্গে সেই ভুলের মাশুল গুনল স্পেন। সুযোগসন্ধানী এমবাপ্পের গোলেই তাদের ২-১ ব্যবধানে হারিয়ে উয়েফা নেশনস লিগের দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স।

এমবাপ্পের গোলটি কোনোভাবেই মানতে পারছেন না স্পেন অধিনায়ক সের্হিও বুসকেটস। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের বক্তব্যের বিতর্ক চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। বুসকেটস বলেন, ‘এমবাপ্পে অফসাইডে ছিল। রেফারি বললেন, এরিক আটকাতে গিয়ে বলে পা লাগিয়েছিল এবং যার কারণে সেটা অফসাইড নয়। এর কোনো মানেই হয় না। যেকোনো ডিফেন্ডারের মতোই পাসটি আটকানোর চেষ্টা করেছিল এরিক।’

দিনশেষে রেফারির সিদ্ধান্তই শেষ কথা। তাই সান সিরো স্টেডিয়ামে পিছিয়ে থেকেও শেষ হাসিটা হেসেছে ফ্রান্স। গোলশূন্য প্রথমার্ধের পর  ৬৪ মিনিটে ওইয়ারসাবেলার গোলে এগিয়ে যায় সেপন। সমতায় ফিরতে দুই মিনিটও সময় নেয়নি দিদিয়ের দেশমের দল। একটা সময় জাতীয় দলে ব্রাত্য থাকা করিম বেনজেমার দৌলতেই ম্যাচে ফিরে তারা। ডি বক্সের বাইরে থেকে বাঁকানো এক শটে স্পেনের জাল খুঁজে নেন বেনজেমা।  খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে থেও এরনন্দেজের পাস থেকে প্রত্যাবর্তনের গল্প লিখেন এমবাপ্পে।

ফাইনালের মতো সেমিফাইনালে একইভাবে পিছিয়ে পড়ে বেলজিয়ামকে হারিয়েছিল ফ্রান্স। দলের মানসিকতা নেই ফাইনাল সেরা বেনজেমা বলেন, ‘আমরা কখনোই হার মানি না। আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরে সঠিক সময়ের অপেক্ষা করেছি—বড় দলগুলো এটাই করে।’

প্রথম দল হিসেবে তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্ট বিশ্বকাপ, ইউরো ও নেশনস লিগ জয়ের কীর্তি গড়ল ফ্রান্স। নেশনস লিগের আগের আসরে (২০১৮-১৯) চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগাল।