টেস্টের আত্মবিশ্বাস সঞ্চয়ের আশায় সাদমান

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২১:৫০

চট্টগ্রামেও এনসিএলের ম্যাচ

স্পোর্টস রিপোর্টার

দেশের প্রধান প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতা জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) মাঠে গড়াচ্ছে আগামী ১৭ অক্টোবর। করোনা ভাইরাস পরীক্ষার পর আগামীকালই হোটেলে উঠে যাবেন ক্রিকেটাররা। হোটেলে তিন দিন রুম কোয়ারেন্টাইনে থাকতে হবে সবাইকে। কোয়ারেন্টাইন চলাকালীনও একবার করোনা পরীক্ষা হবে। ১৬ অক্টোবর অনুশীলন শেষে পরদিনই ম্যাচে নেমে পড়বে আটটি দল।

এবার এনসিএল অনুষ্ঠিত হবে সিলেট, কক্সবাজার ও চট্টগ্রামে। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন। কক্সবাজারের দুটি মাঠ প্রস্তুত না থাকায় একটি ম্যাচ চট্টগ্রামের সাগরিকাতে অনুষ্ঠিত হবে। এছাড়া উপসর্গ না থাকলেও প্রতিযোগিতার সময় বিসিবির মেডিক্যাল বিভাগ করোনা পরীক্ষা করবে ক্রিকেটার, কোচ, কর্মকর্তাদের।

ফিটনেস ক্যাম্প, স্কিল ক্যাম্প, ফিটনেস টেস্ট শেষে ক্রিকেটাররা এখন প্রস্তুত মাঠে নামতে। টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক বর্তমানে সস্ত্রীক দুবাই ভ্রমণে রয়েছেন। আজই দেশে ফিরবেন তিনি। গতকাল মুমিনুল জানিয়েছেন, এনসিএলের প্রথম রাউন্ড থেকেই খেলবেন। এনসিএল দিয়ে পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুত হবে টেস্ট দলের ক্রিকেটাররা। ওপেনার সাদমান ইসলাম গতকাল জানিয়েছেন, এনসিএলে পারফরম করলে আন্তর্জাতিক ক্রিকেটে বাড়তি আত্মবিশ্বাস থাকে। নভেম্বর-ডিসেম্বরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ দল।

গতকাল সাদমান বলেছেন, ‘এখানে পারফরম করে গেলে তো অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেটে বাড়তি আত্মবিশ্বাস থাকে। চেষ্টা করব অন্যান্য বারের মতো এবারও ভালো কিছু করার। যেন আত্মবিশ্বাসটা কাজে দেয়, ওখানে (টেস্টে) গিয়ে।’

এনসিএলের এবারের আসরে ঢাকা মেট্রো দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সাদমান। প্রথমবার নেতৃত্ব দিতে গিয়ে ভালো কিছুর আশাই করছেন এ তরুণ। বাঁহাতি এ ওপেনার গতকাল বলেছেন, ‘আমি তো অনেক বছর ধরে ঢাকা মেট্রোতে  খেলতেছি। আমার দলে সবাই প্রায় সিনিয়র, প্রথম শ্রেণির বেশ ভালো ভালো ক্রিকেটার আছে। যারা আছে আশা করি অন্যান্য বারের মতো এবারও সেরাটা দিয়ে খেলবে।’

তাসকিন আহমেদকে না পেলেও মার্শাল আইয়ুব, শামসুর রহমান শুভ, আবু হায়দার রনিরা আছেন ঢাকা মেট্রো দলে। অভিজ্ঞতা-তারুণ্যের মিশেলে ভালো কিছুর ছবিই আঁকছেন নতুন অধিনায়ক সাদমান।