বাড়ছে নিত্যপণ্যের দাম সংসার চালানোই দায় হয়ে পড়েছে :বিএনপি

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২২:৩৫

বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আয়ের তুলনায় দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধিতে মধ্য ও নিম্ন আয়ের মানুষ নীরবে আর্তনাদ করছে। সংসার চালানোই এখন দায় হয়ে পড়েছে। কিন্তু সরকার নির্লিপ্ত। জনগণের প্রতি এই সরকারের কোনো দায়িত্ব আছে বলে তারা মনে করে না। তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। গতকাল সোমবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। রিজভী বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে মধ্যস্বত্বভোগী যারা লাভবান হচ্ছে, তারা সবাই আওয়ামী লীগ বা এর অঙ্গ সংগঠনের সঙ্গে জড়িত। তাই বাজারে সরকারের কোনো নজরদারি নেই।  রিজভী বলেন, করোনার অভিঘাতে মানুষের আয় রোজগারে যখন টানাপোড়েন অবস্থা তখন হু হু করে বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম। ফলে ক্রমেই চাল, ডাল, তেল, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ, তরিতরকারি, মাছ-মাংস, পোলট্রি মুরগি, ডিম, চিনি, দুধ থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় ও অপরিহার্য পণ্য সংগ্রহ প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের জন্য।

সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের ডা. জাহিদুল কবির উপস্থিত ছিলেন।