ভারতের সেনাবাহিনী জানিয়েছে, সন্দেহভাজন বিদ্রোহীদের গুলিতে ভারত-শাসিত কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখার কাছে তাদের পাঁচ জন সৈন্য নিহত হয়েছে। গতকাল সোমবার একটি তল্লাশি অভিযানের সময় লড়াই শুরু হলে ঐ সৈন্যরা নিহত হয়। বলা হচ্ছে, ফেব্রুয়ারি মাসের পর এটিই ভারতীয় সেনাবাহিনীর ওপর সবচেয়ে মারাত্মক আক্রমণ। সম্প্রতি এ অঞ্চলে সন্দেহভাজন বিদ্রোহীদের হাতে বেশ কয়েক জন বেসামরিক লোক নিহত হওয়ার পর সেখানে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। খবর বিবিসির
ভারত-শাসিত কাশ্মীরের সেনা কর্মকর্তারা বলছেন, পুঞ্চ জেলার একটি গ্রামে সশস্ত্র বিদ্রোহীরা লুকিয়ে আছে এমন খবর পাওয়ার পর সৈন্যরা ঐ গ্রামটি ঘিরে ফেলে। সেনা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ জানান, ঐ তল্লাশি অভিযানের সময় চার জন সেনা ও এক জন অফিসার নিহত হয়েছেন। সন্দেহভাজন জঙ্গিদের হাতে বেসামরিক লোক নিহত হওয়ার বেশ কয়েকটি ঘটনার মধ্যে এই লড়াইয়ের খবর পাওয়া গেল। গত সপ্তাহে ছয় দিনের মধ্যে সাত জন বেসামরিক লোককে গুলি করে হত্যা করা হয়েছে। কাশ্মীরের রাজনীতিবিদরা এসব হত্যাকাণ্ডের নিন্দা করেছেন। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ৪০০-রও বেশি লোককে আটক করা হয়েছে।
