পটিয়ায় প্রতিমা ভাঙচুর, বিভিন্ন মহলের নিন্দা

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২২:৩৬

উপজেলার বরলিয়া ইউনিয়নের মেলঘর পশ্চিমপাড়ায় হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা মণ্ডপের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত রবিবার রাতে দুর্বৃত্তরা এ প্রতিমা ভাঙচুর করেছে বলে পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ অভিযোগ করেন।

মেলঘর পশ্চিমপাড়া পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক সুমন দে জানান, লোহার গ্রিল তালা বদ্ধ অবস্থায় ছিল। কিন্তু গ্রিলের ফাঁক দিয়ে লোহার পাইপ ঢুকিয়ে প্রতিমা ভাঙচুর করা হয়। গতকাল ভোর ৫টার দিকে প্রতিমা নির্মাণের কারিগর মণ্ডপে কাজ করতে আসলে ক্ষতিগ্রস্ত প্রতিমা দেখে কমিটির লোকজনকে খবর দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদ, ওসি রেজাউল করিম মজুমদার, ইউপি চেয়ারম্যান শাহিনুল ইসলাম শানু, দক্ষিণ জেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক রুবেল দেব, উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি যদুরঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, পৌরসভার সভাপতি প্রণব দাশ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক তাপস দে, সহসভাপতি দিলীপ ঘোষ দিপু, উপজেলা জন্মাষ্টমী পরিষদ সভাপতি শ্যামল মাস্টার প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় নেতৃবৃন্দ প্রতিমা ভাঙচুরের তীব্র নিন্দা জানান এবং ঘটনায় জড়িতদের গ্রেফতার করে শাস্তি প্রদানের দাবি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদ জানান, ক্ষতিগ্রস্ত প্রতিমা মেরামতের জন্য ৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। এ ঘটনায় জড়িত যে কেউ হোক না কেন আইনের আওতায় আনা হবে।