চট্টগ্রামে নালায় খালে পড়ে মৃত্যু :তদন্ত কমিটির বৈঠক ১৪ অক্টোবর

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২২:৪২

নগরীতে বৃষ্টি চলাকালে প্লাবিত হয়ে পড়া বিভিন্ন সড়কের পাশে উন্মুক্ত নালা ও সংস্কারাধীন খালে পড়ে মর্মান্তিক প্রাণহানির ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে পাঠানো চিঠিতে এ ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করে এবং এসব ঘটনার জন্য কে দায়ী  তা তদন্ত করে প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর জন্য চিঠিতে বলা হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান ইত্তেফাককে বলেন, ঘটনার কারণ অনুসন্ধানে এই কমিটি আগামী ১৪ অক্টোবর বৈঠক করবে। এই লক্ষ্যে গত রবিবার তদন্ত কমিটি গঠন ও বৈঠক অনুষ্ঠানসংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে সিটি করপোরেশন ও সিডিএর কাছে। তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা পাওয়ার পর আমাকে প্রধান করে গত ২ অক্টোবর সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জেলা প্রশাসক ও সিএমপি কমিশনারের প্রতিনিধি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সচিব, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী, চট্টগ্রাম সিটির প্রধান প্রকৌশলী এবং চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের পরিচালককে সদস্য করা হয়েছে।

গত ২৭ সেপ্টেম্বর নগরীর আগ্রাবাদ মাজার গেট এলাকায় ফুটপাত থেকে পা পিছলে নালায় পড়ে মৃত্যু হয় আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শেহেরীন মাহমুদ সাদিয়ার (১৯)। এর আগে ২৫ আগস্ট মুরাদপুর এলাকায় নালায় পা পিছলে পড়ে নিখোঁজ হয়ে যান সবজি বিক্রেতা সালেহ আহমেদ। এখনো তার সন্ধান মেলেনি। গত ৩০ জুন মেয়র গলি এলাকায় চশমা খালে অটোরিকশা পড়ে গেলে প্রাণ হারায়  এক চালক ও এক যাত্রী।