প্রাণের আঙিনায় শিক্ষার্থীরা

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২২:৪৪

করোনা পরিস্থিতিতে দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর শর্ত সাপেক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। ফলে দীর্ঘদিন পর প্রাণের আঙিনায় ফিরতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এতে পুরো ক্যাম্পাসে বিরাজ করছে উত্সবের আমেজ। গতকাল সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের ১৬টি আবাসিক হল খুলে দেওয়া হয়।

এদিকে ক্যাম্পাসে ফিরতে পেরে উচ্ছ্বসিত মার্কেটিং বিভাগের ব্যাচের শিক্ষার্থী ইমরান শাহারিয়ার বলেন, করোনায় বন্ধের দীর্ঘ ১৮ মাস পর ক্যাম্পাসের হল খুলেছে। দীর্ঘদিন পর হল খোলায় আমরা খুবই আনন্দিত। নতুন করে সব বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে, মনে হচ্ছে নতুন এক ধরনের প্রাণ পেয়েছি। এ অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যায় না। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের (৪৯তম ব্যাচ) শিক্ষার্থীরা এখনই হলে উঠতে পারছেন না। ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে প্রথম বর্ষের শিক্ষার্থীরা কিছুটা মনঃক্ষুণ্ন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক মোহা. মুজিবুর রহমান বলেন, স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে প্রথম বর্ষের (৪৯ ব্যাচ) শিক্ষার্থীদের গণরুমে উঠতে দিচ্ছি না। তাদের হলে উঠতে কিছুদিন অপেক্ষা করতে হবে। গতকাল বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে শিক্ষার্থীদের জন্য করোনা টিকার বিশেষ কেন্দ্র উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।