রূপগঞ্জে ইজিবাইক চালক হত্যার মূল আসামিসহ গ্রেফতার ২

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২২:৪৫

রূপগঞ্জের পূর্বাচল উপ-শহরে ইজিবাইক চালক হূদয় হত্যাকাণ্ডের মূল আসামিসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার রাতে রূপগঞ্জ ও গাজীপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-১১ অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা গতকাল সিদ্ধিরগঞ্জে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, হূদয় হত্যাকাণ্ডের প্রধান আসামি আশিক মিয়া মাদকসেবী। মাদক সেবনের টাকার জন্য গত ৮ অক্টোবর পূর্বাচল উপ-শহরে ৭ নম্বর সেক্টরে হূদয়কে গামছা দিয়ে মুখ পেঁচিয়ে শ্বাসরোধ করে এবং গলা কেটে হত্যার পর তার ইজিবাইক ছিনিয়ে নেয়। পরে ইজিবাইকটি ২০ হাজার টাকায় গাজীপুরের  কালীগঞ্জ থানার পাঞ্জরা এলাকায় রমজান নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের পর পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে র্যাব। পরে প্রযুক্তির সহায়তায় হত্যাকারী আশিক মিয়াকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যমতে গাজীপুর থেকে গ্রেফতার করা হয় রমজান মিয়াকে।  র্যাব আরো জানায়, রূপগঞ্জের তালতলা এলাকার মাদক ব্যবসায়ী সবুজ আশিককে মাদকের টাকা জোগাড়ের জন্য ইজিবাইক ছিনতাইয়ের পরামর্শ দেয়। তার পরামর্শ অনুযায়ী আশিক ছিনতাই করতে গিয়ে ইজিবাইক চালক হূদয়াকে হত্যা করে। এই হত্যাকাণ্ডে উত্সাহ ও প্ররোচনার অভিযোগে মাদক ব্যবসায়ী সবুজকে গ্রেফতার করতে র্যাবের অভিযান চলছে বলেও জানা তিনি।