বাজারে কিছু কিছু পণ্যের দাম বেশ বেড়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এর মধ্যে একটি পেঁয়াজ। তবে ডিম-মুরগির দাম অনেক কম। দীর্ঘদিন ধরে এসব পণ্যের দাম খুব একটা বাড়েনি। সে ক্ষেত্রে আবার খামারিরা লোকসান দিচ্ছেন। গতকাল বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে শাকসবজি, আলু, ফলমূল ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে প্রণীত খসড়া রোডম্যাপের ওপর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, দেশের শাকসবজি, আলু ও ফলমূল রপ্তানির সম্ভাবনা অনেক। বিভিন্ন ফসল ও খাদ্যে আমরা এখন উদ্বৃত্ত। এ উদ্বৃত্ত ফসল সারা পৃথিবীতে আমরা রপ্তানি করতে চাই। সেজন্য, রপ্তানির বাধাসমূহ দূর করতে সরকার নিরলসভাবে কাজ করছে। কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধির জন্য কৃষি মন্ত্রণালয় গত জুনে কমিটি গঠন করেছে জানিয়ে তিনি বলেন, এই কমিটি শাকসবজি, ফলমূল রপ্তানির জন্য একটি ও আলু রপ্তানির জন্য একটি রোডম্যাপ প্রণয়ন করেছে।
