দেশের সকল স্তরের কিশোরী ও যুবনারী যেন সমান অধিকার, সমান সুযোগ পান সে দাবি জানিয়েছেন গতকাল সোমবার একদিনের জন্য প্রতীকীভাবে বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূতের পদ গ্রহণ করা ধলপুরের শিশু ও নারী অধিকার কর্মী কমিউনিটি স্বেচ্ছাসেবক রুনা।
আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২১ উপলক্ষ্যে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত এই পদ গ্রহণ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাটির ‘গার্লস টেকওভার’ নামক এক বিশেষ বৈশ্বিক কর্মসূচির অংশ। প্রতি বছর বাংলাদেশসহ বিশ্ব জুড়ে ‘মেয়ে আমি সমানে সমান’ ক্যাম্পেইনের আওতায় এই আয়োজন করা হয়। এই আয়োজনের উদ্দেশ্য হলো কিশোরী ও যুবনারীদের সক্ষমতা তৈরি ও নেতৃত্ব বিকাশে বিশ্বব্যাপী আওয়াজ তোলা।
এই বছর প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ পুরো মাসজুড়েই প্রায় ৭০টি টেকওভারের আয়োজন করেছে যেখানে রুনার মতো দেশের নানা প্রান্তের মেয়েরা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক, সরকারি-নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদ একদিনের জন্য প্রতীকীভাবে গ্রহণ করবে।
একদিনের জন্য সুইডিশ রাষ্ট্রদূত পদে প্রতীকী দায়িত্ব পালন করে রুনা তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আজ একজন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করতে গিয়ে আমার মধ্যে এমন আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে আমি নেতৃত্বের দক্ষতা অর্জন করতে সক্ষম। আমার মতো অন্যান্য কিশোরীদেরও ক্ষমতায়নে অনুপ্রেরণা প্রদান করতে পারব, তাদের জন্য সুযোগ তৈরি করতে, বিশেষ করে এই বছরের প্রতিপাদ্য অনুযায়ী প্রযুক্তিগত শিক্ষা নিশ্চিতে কাজ করতে পারব।
এ ব্যাপারে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে বলেন, এই আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে আমরা মেয়েদের ক্ষমতা ও যোগ্যতাকে উদ্যাপন করছি, সেই সঙ্গে সব বাধা ভেঙে চ্যালেঞ্জ করছি সমাজে প্রচলিত সব চিরাচরিত প্রথাকে, দাবি জানাচ্ছি পরিবর্তনের।
