রাজারবাগের পিরের আবেদনে স্থগিত হয়নি হাইকোর্টের আদেশ

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ০০:৩২

রাজারবাগ দরবার শরীফের পির দিল্লুর রহমান ও তার প্রতিষ্ঠানসমূহের নামে দেশের বিভিন্ন স্থানে যে সব সম্পদ রয়েছে তা নির্ণয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) হাইকোর্টের দেওয়া নির্দেশ স্থগিত করেনি আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্ট ঐসব সম্পদের উত্স কী তাও জানাতে দুদককে বলেছে। এছাড়া পির দিল্লুর ও তার পৃষ্ঠপোষকতায় ‘উলামা আঞ্জুমান বাইয়্যিনাত’ অথবা ভিন্ন কোনো নামে কোনো জঙ্গি সংগঠন আছে কি না সে বিষয়ে খোঁজ নিতে পুলিশের কাউন্টার ট্যাররিজম ইউনিটকে বলেছে হাইকোর্ট। ৩০ নভেম্বরের আগে দুদক ও কাউন্টার ট্যাররিজম ইউনিটকে এই আদেশ প্রতিপালন করতে বলা হয়।

হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন পির দিল্লুর রহমান। আবেদনের পক্ষে আইনজীবী জহিরুল ইসলাম মুকুল এবং রিটকারীদের পক্ষে মোহাম্মদ শিশির মনির শুনানি করেন। গতকাল সোমবার শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি ওবায়দুল হাসান আবেদনের ওপর ‘নো অর্ডার’ দেন। আইনজীবীরা জানিয়েছেন, এই আদেশের ফলে পিরের সম্পদ অনুসন্ধান ও জঙ্গি সম্পৃক্ততা খতিয়ে দেখতে আইনগত বাধা থাকল না।

দুদক কৌঁসুলি ব্যারিস্টার সাজ্জাদুর রহমান বলেন, হাইকোর্টের লিখিত আদেশের সত্যায়িত অনুলিপি এখনো পায়নি দুদক। লিখিত আদেশ পেলেই কমিশন তা প্রতিপালনে সচেষ্ট রয়েছেন।

প্রসঙ্গত: রাজারবাগ দরবার শরীফ ও এর পিরের সম্পদ এবং ব্যাংক হিসাব তলব চেয়ে হাইকোর্টে রিট করেন আট ব্যক্তি। রিটকারীদের দাবি, পিরের মুরিদদের দায়েরকৃত মিথ্যা মামলায় তারা হয়রানির শিকার হচ্ছেন। শুধু হয়রানির শিকারই নন, তারা বছরের পর বছর জেল খেটেছেন। শুধু সম্পদ লিখে না দেওয়ায় তাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেশের বিভিন্ন জেলায় দায়ের করা হয়। ঐ রিটের পরিপ্রেক্ষিতে গত ২৩ সেপ্টেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ রাজারবাগ দরবার শরীফের পির দিল্লুর রহমান ও তার প্রতিষ্ঠানসূমহের নামে দেশের বিভিন্ন স্থানে যে সব সম্পদ রয়েছে তা নির্ণয়ে দুদককে নির্দেশ দেন। এছাড়া আদেশে বিভিন্ন হয়রানিমূলক মামলা দায়েরের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিআইডির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শককে নির্দেশ দেয় আদালত।