দেশে গত এক দিনে ৫৯৯ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ১১ জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬২ হাজার ৯৫৮ জনে। তাদের মধ্যে ২৭ হাজার ৬৯৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। রবিবার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় ৪৮১ নতুন রোগী শনাক্তের খবর দিয়েছিল। তার আগের দিন ৪১৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল। শনিবারই ৫ মাস পর শনাক্ত রোগীর সংখ্যা ৫০০-এর নিচে নেমে এসেছিল। দুই দিন পর আবার তার ৫০০ ছাড়াল।
রবিবার মোট ১৪ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, সোমবার তা কিছুটা কমেছে। যে ১১ জন গত এক দিনে মারা গেছেন, তাদের মধ্যে ৯ জনই নারী। দেশে এ পর্যন্ত যারা কোভিডে মারা গেছেন, তাদের ৬৪ শতাংশ পুরুষ হলেও করোনা ভাইরাসের ডেলটা ধরনের প্রদুর্ভাবের পর নারীদের মৃত্যু হার বেড়েছিল। গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৫৮ শতাংশ হয়েছে, যা আগের দিন ২ দশমিক ৩৬ শতাংশ ছিল। সরকারি হিসাবে এক দিনে দেশে সেরে উঠেছেন আরো ৬৩৪ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ২৪ হাজার ৪৬৭ জন সুস্থ হয়ে উঠলেন।
